ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুবালি লঘু চাপ ও পশ্চিমা লঘু চাপের কারণে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে।
এ কারণে শনিবার ঢাকাবাসী ঘরের বাইরে নেমে ভোগান্তিতেই পড়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে অনেককেই বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা গেছে বাসের জন্য।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপ ও আকাশে মেঘের কারণে বাতাসের আর্দ্রতাও বেড়ে গিয়ে শুক্রবার গরম পড়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার পশ্চিমা লঘু চাপের সঙ্গে পুবালি লঘু চাপের মিলনের কারণে সারাদেশে বৃষ্টি হচ্ছে।" রোববার পর্যন্ত এরকম থাকবে বলে জানান তিনি।
কামরুল হাসান জানান, বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গিয়েছে তবে তীব্র শীত অনুভূত হয়নি।
শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩০ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবাহাওয়া অফিসের তথ্য অনুসারে এবারের শীত মওসুমে মূলত শৈত্য প্রবাহ ছিল তিনটি। স্থায়ীত্বকালও কম ছিল। অন্যান্যবার গড়ে ৫-৬টা শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যায়। এগুলোর স্থায়িত্বকালও বেশি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/জিএনএ/১১৩৯ ঘ.
bdnews24