২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জাম আটক, হামলায় তিন র‌্যাব সদস্য আহত

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের সময় দুর্বত্তদের হামলায় তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর খতিবেরহাট এলাকায় আটক ভিওআইপি সরঞ্জাম আনার সময় দুর্বত্তরা তাদের ওপর হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের সময় দুর্বত্তদের হামলায় তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর খতিবেরহাট এলাকায় আটক ভিওআইপি সরঞ্জাম আনার সময় দুর্বত্তরা তাদের ওপর হামলা চালায়। গত দুই দিনের অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে বেশকিছু ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন। র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর খতিবের হাট এলাকায় র‌্যাব-৭ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) মো. শহীদ উল্লাহ, ঢাকা থেকে আসা উপ-পরিদর্শক হুমায়ূন কবির ও একজন কনস্টেবল আহত হন। আহত হুমায়ূন কবির বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলিটি বিভাগে চিকিৎসাধীন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। র‌্যাব কর্মকর্তারা জানান, রাত ১১টার দিকে ডিএডি শহীদ উল্লাহর নেতৃত্বে সাদা পোশাকে র‌্যাবের তিন সদস্য খতিবেরহাট এলাকা থেকে ওইসব সরঞ্জাম গাড়িতে করে আনার সময় দুর্বৃত্তরা ডাকাত ডাকাত বলে চিৎকার করে। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে সংঘবদ্ধ এ চক্রটি র‌্যাব সদস্যদের উপর হামলা চালায়। এতে শহীদ উল্লাহ, হুমায়ূন কবিরসহ তিনজন আহত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে র‌্যাব কর্মকর্তারা জানান। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার কর্মকর্তা মেজর শামসুজ্জোহা জানান, গত দুই দিনে নগরীর বিভিন্ন স্থানে অভিযানের সময় প্রায় ১৫ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর পাঁচটি স্থান এবং শুক্রবার দুটি স্থান থেকে বেশ কিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি জানান, পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ হাউজিং সোসাইটির কর্ণফুলী ভবনে অভিযান চালিয়ে আটক করা হয়েছে প্রায় ১০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। শামসুজ্জোহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের একটি দল গত দুই দিন থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। তারা বৃহস্পতিবার নগরীর নাসিরাবাদ, মুরাদপুর, খতিবেরহাটসহ আটটি স্পটে অভিযান চালায়। এর মধ্যে খতিবেরহাট কুতুব ভবন থেকে বেশকিছু সরঞ্জাম আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৩৭ ঘ.