২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক রাশেদের অস্ত্রোপচার হয়েছে

সড়ক দুর্ঘটনায় আহত একুশে টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রাশেদ আহমেদের অস্ত্রোপচার হয়েছে। তিনি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) আছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 12:32 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় আহত একুশে টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রাশেদ আহমেদের অস্ত্রোপচার হয়েছে। তিনি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) আছেন। উত্তরাঞ্চল সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহরে থাকা একুশে টেলিভিশনের (ইটিভি) গাড়ি বুধবার দুপুরে দুর্ঘটনায় পড়লে রাশেদ আহমেদসহ তিন সংবাদকর্মী আহত হন। দুর্ঘটনায় আহত একুশে টেলিভিশনের চিত্রগ্রাহক আসাদুজ্জামান ও গাড়িচালক রবিউল ইসলামের অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। তারা দুজনও ওই হাসপাতালে চিকিৎসাধীন। জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আশফারুল হাবিব রুশদ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা সাড়ে ৩টার দিকে রাশেদের অস্ত্রোপচার শুরু হয়ে সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়। তিনি আপাতত শঙ্কামুক্ত। তবে ২৪ ঘণ্টা না যাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।" তিনি বলেন, "রাশেদ আহমেদের মুখের একটি হাড় ভেঙে গেছে। তবে মস্তিস্কে রক্তক্ষরণের কোনও লক্ষণ পাওয়া যায়নি।" খালেদা জিয়া দুপুরের পর তিন সংবাদকর্মীকে দেখতে হাসপাতালে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটিভির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খালেদার গাড়িবহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রিয়াজুল বাশার জানান, জয়পুরহাট থেকে ঢাকাগামী সালমা ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে ইটিভির মাইক্রোবাসটির ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই আহত তিন সংবাদকর্মীকে চান্দাইকোণা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের স্থানান্তর করা হয় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/এফএফ/এএল/এমআই/১৮২৫ ঘ.