সিলেট, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - "নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটই বিজয়ী হবে। তাই আসন বণ্টন নিয়ে অনেক টানাপড়েন সত্ত্বেও মহাজোটের সাথেই নির্বাচন করছি।"
শনিবার বিকেলে সিলেটে হযরত শাহ্জালাল (র.) এর মাজার জিয়ারত করার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, "আসন বণ্টন নিয়ে আমি হতাশ। যেভাবে চেয়েছিলাম সেভাবে আমাকে আসন দেওয়া হয়নি। সিলেটের ৬টি আসনের মধ্যে আমাকে মাত্র একটি আসন দেওয়া হয়েছে। এই আসনে আবার যৌথভাবে আওয়ামী লীগের প্রার্থীও নির্বাচন করবেন।"
তা সত্ত্বেও আপাতত মহাজোট ভাঙার কোনো সম্ভাবনা নেই বলে এরশাদ দাবি করেন।
তিনি বলেন, "মহাজোট ঐক্যবদ্ধ আছে। যেসব আসনে মহাজোট থেকে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে সেসব আসনে আমার নেতাকর্মীদের তাদের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছি।"
হযরত শাহ্জালাল (র.) এর মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে শনিবার দুপুরে সিলেট আসেন এরশাদ। বিকেল ৩টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা কারণেই মানুষ আজ অতিষ্ট। আর এ থেকে মুক্তি পেতেই দেশবাসী আগামী নির্বাচনে মহাজোটকে বিজয়ী করবে।"
মহাজোট বিজয়ী হলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
মাজার জিয়ারতের পর এরশাদ সার্কিট হাউসে যান। সেখানে মধ্যাহ্নভোজের পর বিকেল সাড়ে ৪টায় তিনি জিএমজি বিমানে করে ঢাকা ফেরার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।
মাজার জিয়ারতের সঙ্গে এরশাদের সঙ্গে ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
এছাড়া সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকসহ স্থানীয় নেতাকর্মী, সিলেট জেলা জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৬ ঘ.
bdnews24