ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে তিনদিনের সরকারি ছুটি সোমবার থেকে শুরু হলেও রোববারই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতি ছিল মাত্র ৫০ শতাংশ। স্বাভাবিকভাবে সচিবালয়ে উপস্থিতি থাকে ৮৫ থেকে ৯০ শতাংশ।
সচিবালয়ের সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটি শুরুর আগে ও পরে মাত্র একদিন করে অফিস খোলা থাকার সুবাদে অনেকেই আগাম ছুটি নিয়ে গত বৃহস্পতিবারই গ্রামে চলে গেছেন। তবে রোববারও অনেক মন্ত্রণালয়ে কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত হয়ে স্বাক্ষর করেই গ্রামের উদ্দেশে বেরিয়ে গেছেন।
ফলে কাগজে-কলমে উপস্থিতির হার ৫০ শতাংশ দেখা গেলেও অফিসগুলোতে উপস্থিতির চোখে পড়ে আরো অনেক কম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রবিউল আলম সাংবাদিকদের বলেন, অন্য মন্ত্রণালয়গুলোতে উপস্থিতি কিছুটা কম হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিতির হার অনেক বেশি। কারণ উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকেই জরুরি কাজের কারণে ছুটিতে যেতে পারেননি। এছাড়াও নির্বাচন ও নিরাপত্তার প্রস্তুতির বিষয় থাকায় অনেককে ছুটি দেওয়া হয়নি।
তিনি জানান, যারা এখনো ছুটিতে যাননি, তাদের অনেকেই গ্রামে যেতে পারবেন না। গ্রামে যেতে না পারার কারণেই মূলত অনেককে অফিসে উপস্থিত হতে দেখা যাচ্ছে।
সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলাম অবশ্য বলেন, ঈদের আগের গড় পরিস্থিতির তুলনায় কর্মীদের উপস্থিতি এবার অনেক বেশি। তার মতে, নির্বাচনের কারণে অনেকের ছুটি বাতিল করাই এর কারণ। তবে তিনি আরো জানালেন সচিবালয়ে স্বাভাবিকভাবে তদবিরকারীদের যে উপস্থিতি থাকে, তা রোববার একেবারেই ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩৪৩ঘ.
bdnews24