ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম জানান, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে প্রযুক্তি ও গবেষণা বিনিময়ের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং অধ্যাদেশ-২০০৮ উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।
এছাড়া রাজউকের ব্যবস্থাপনায় গতি আনার জন্য দ্যা টাউন ইমপ্র"ভমেন্ট অ্যান্ট-১৯৫৩ এর সংশোধন প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৈঠকে ঢাকা শিশু হাসপাতাল অধ্যাদেশ-২০০৮ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান
পরিচালনা কমিটি অধ্যাদেশ-২০০৮ এও নীতিগত অনুমোদন দেওয়া হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত অধ্যাদেশে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার জন্য একটি সাধারণ বিধি থাকবে বলে ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বীরত্বপূর্ণ কাজের জন্য সাহসিকতা পদকপ্রাপ্তদের বিদ্যমান আর্থিক অনুদান বৃদ্ধির প্রস্তাব নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা পরিষদ এ বিষয়ে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব একসঙ্গে উপস্থাপনের নির্দেশ দিয়েছে।
উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/২১২১ঘ.
bdnews24