২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালের মাজার জিয়ারত করেই প্রচারে নামবেন দুই নেত্রী

বরাবরের মতো এবারও হজরত শাহজালালের মাজার জিয়ারত করেই নির্বাচনী প্রচারে নামবেন দুই নেত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য কর্মকর্তারা রোববার এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 08:48 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাবরের মতো এবারও হজরত শাহজালালের মাজার জিয়ারত করেই নির্বাচনী প্রচারে নামবেন দুই নেত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য কর্মকর্তারা রোববার এ কথা জানিয়েছেন। খালেদা জিয়া সিলেট যাবেন ১২ ডিসেম্বর। আর শেখ হাসিনা যাবেন এর একদিন আগে। আগামী ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন হবে। বিধি অনুযায়ী, এর ভোটের দিনের তিন সপ্তাহ আগে থেকে নির্বাচনী প্রচার শুরু করা যাবে। খালেদা জিয়ার তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চেয়ারপারসন (খালেদা) ১২ ডিসেম্বর সিলেট যাবেন হজরত শাহজালালের মাজার জিয়ারত করতে। সেখান থেকেই নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে।" আওয়ামী লীগ সভানেত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, "হজরত শাহজালাল এবং হজরত শাহপরানের মাজার জিয়ারতের পর সিলেট থেকেই আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন।" আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবন সুধা সদন থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ৭টায় সিলেটের উদ্দেশে রওনা হবেন। মাজার জিয়ারত শেষে রাতেই তিনি ঢাকা ফিরবেন। ১২ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচতারা হোটেলে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলে আবুল কালাম আজাদ জানান। দ্রব্যমূল্য হ্রাস, জঙ্গি দমন, দুর্নীতি নির্মূলসহ নানা প্রতিশ্র"তি রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার শনিবার দলের কার্যনির্বাহী সংসদ অনুমোদন করে। বিএনপির নির্বাচনী ইশতেহারও প্রায় চূড়ান্ত বলে দলের নেতারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমআই/১৪৪১ ঘ.