ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বস্তরের মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মী-শ্রমজীবীরা শ্রদ্ধা জানানোর পর রাজনীতিক ও শ্রমিক নেতা নুরুল ইসলামকে শুক্রবার বিকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং হাজারীবাগে দুটি জানাজা হয়। নুরুল ইসলামের মরদেহ জন্মস্থান নোয়াখালীতে নিয়ে যাওয়ায় কথা থাকলেও পরে তা হয়নি। এলাকার লোকজন ঢাকায় এসেই প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি নুরুল ইসলাম বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়ার ফ্ল্যাটে এক অগ্নিকাণ্ডে গুরুতর আহত হন তিনি; মারা যায় তার ছেলে তমহর ইসলাম।
নুরুল ইসলাম আসন্ন সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে নোয়াখালী-১ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। নুরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা অভিযোগ করে এর তদন্ত দাবি করেছে তার দলসহ জোট নেতারা।
নুরুল ইসলামের মরদেহ শুক্রবার বেলা পৌনে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং বিকাল ৩টায় হাজারীবাগে লেদার টেকনোলজি কলেজ মাঠে তারা জানাজা হয়। তমহর ইসলামের জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। জানাজা শেষে বিকাল ৫টায় তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্তানে সমাহিত করা হয়।
নুরুল ইসলামের মৃত্যুতে তার দল গণতন্ত্রী পার্টি আগামী তিন দিন শোক পালন করার ঘোষণা দিয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা-কর্মীরা সমবেত হয়। একে একে বিভিন্ন নেতারা নুরুল ইসলামের কফিনের ওপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কফিনের পাশে নুরুল ইসলামের স্ত্রী যুক্তরাষ্ট্র থেকে সদ্য দেশে ফেরা কবি রুবী রহমান মেয়ে মৌটুসিকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন স্তব্ধবাক। রুবি রহমান বিদেশে থাকা অবস্থায়ই কবি রুবী হারিয়ে ফেলেন স্বামী ও ছেলেকে।
কেন্দ্রীয় শহীদ মিনারের একটি মঞ্চে প্রথম এনে রাখা হয় মুক্তিযুদ্ধের এই সংগঠকের কফিন। জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি অর্ধনমিত রাখা হয় দলীয় পতাকা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, কৃষক দলের মাহবুবুল আলম তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, সাবেক উপাচার্য অধ্যাপক আজাদ চৌধুরী, অধ্যাপক খান সারওয়ার মুর্শিদ, শীর্ষ ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু, আনিসুল হক, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ, কবি সৈয়দ শামসুল হক, নিমলেন্দু গুণ প্রমুখ নেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান।
বাম গণতান্ত্রিক মোর্চা, লিবারেল ডোমোক্রেটিক পার্টি(এলডিপি), ন্যাপ, গণতান্ত্রিক বিপ
bdnews24