আরশাদ মাহমুদ
ওয়াশিংটন থেকে
ওয়াশিংটন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যত অন্ধকার বলে মনে করছেন মার্কিন কংগ্রেসের বাংলাদেশ ককাসের সদস্যরা।
তারা বলছেন, গণতান্ত্রিক উত্তরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়া ব্যাহত হলে বিশৃঙ্খলা ও দারিদ্র্য দেশটিকে পেছনের দিকে ঠেলে দেবে।
বৃহস্পতিবার 'ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম' আয়োজিত বাংলাদেশের নির্বাচন বিষয়ক এক গণশুনানিতে কংগ্রেস সদস্যরা একথা বলেন।
বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, র্ধর্মীয় চরমন্থীদের মোকাবেলা এবং মানবাধিকারের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তা কৌশল নির্ধারণে ওই শুনানি হয়।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি কমিশনে বক্তব্যে বলেন, "গত মাসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচন বাদ দিলে আমার মনে হয়, আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশের সংসদ নির্বাচন ছাড়া এ ধরনের নির্বাচন সারা বিশ্বে এ বছর আর হবে না।"
নিজের বক্তব্যের ব্যাখ্যায় মরিয়ার্টি বলেন, "বাংলাদেশ হল একটি বৈসাদৃশ্যের দেশ। একদিকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, দুর্নীতি, ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যার মুখোমুখি দেশটি। অন্যদিকে এটি একটি ঐতিহাসিক গণতান্ত্রিক উত্তরণের প্রান্তে রয়েছে, যা মুসলিমপ্রধান অন্যদেশগুলোর কাছে একটি মডেল হতে পারে।"
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, "বিভিন্ন সমস্যা সত্ত্বেও গত পাঁচ বছরে দেশটি ছয় শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।"
রাশিয়ার চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি- মরিয়ার্টির দেওয়া এ তথ্যে কংগ্রেস সদস্যরা বিস্ময় প্রকাশ করেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশে তিনিটি নীতি ধরে যুক্তরাষ্ট্র কাজ করছে। এগুলো হচ্ছে- গণতন্ত্র প্রতিষ্ঠা, উন্নয়ন এবং সন্ত্রাসবাদকে 'না' বলার ক্ষেত্র তৈরি করা।"
কংগ্রেসে বাংলাদেশ ককাসের চেয়ারম্যান জোসেফ ক্রাউলি তার বক্তব্যে বলেন, উন্নয়ন সহায়তা অব্যাহত রাখা এবং মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার সহজ করতে তিনি চেষ্টা চালিয়ে যাবেন।
ফেলিস গাওরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কংগ্রেস স্বীকৃত ওই কমিশন বাংলাদেশের বর্তমান জটিল অবস্থা থেকে উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজনীয়তা স্বীকার করেন।
শুনানিতে বক্তব্য রাখেন ইলিয়নয়স স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক স্বপন আদনান, স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অধ্যাপক শশী দস্তিদার এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা দৃষ্টিপাতের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
তারা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের দমন-পীড়নের বিষয়ে আলোচনা করেন। আলোচকরা বাংলাদেশের পরিশ্রমী মানুষের প্রশংসা করলেও দেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের জন্য রাজনীতিকদের দোষারোপ করেন।
ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের দুই প্রতিনিধি বাংলাদেশে এ প্রতিষ্ঠান দুটির কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনাও শুনানিতে তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/বিডি/এফএফ/এমআই/১৫৫৭ ঘ.
bdnews24