২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েজ বোর্ডের দাবিতে চট্টগ্রামের পত্রিকায় কর্মবিরতি

সরকার ঘোষিত সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম থেকে প্রকাশিত সাতটি দৈনিক পত্রিকায় বুধবার এক ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে। সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত এসব পত্রিকার কর্মীরা কোনো কাজ করেননি। বৃহস্পতিবারও কর্মবিরতি পালন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 04:59 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম থেকে প্রকাশিত সাতটি দৈনিক পত্রিকায় বুধবার এক ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে। সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত এসব পত্রিকার কর্মীরা কোনো কাজ করেননি। বৃহস্পতিবারও কর্মবিরতি পালন করা হবে। দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ, দৈনিক নয়া বাংলা, দৈনিক কর্ণফুলী ও ডেইলি পিপলস ভিউ পত্রিকায় কর্মবিরতি পালিত হয়। দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ইউনিট প্রধান ফারুক তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিইউজে ঘোষিত প্রতীক ধর্মঘট কর্মসূচির অংশ হিসাবে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সংবাদকর্মীরা বুধবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত সব ধরনের কাজকর্ম থেকে বিরত থাকেন। আগামীকালও এ কর্মসূচি পালন করা হবে।" চট্টগ্রামের সাংবাদিকরা গত ছয়মাস থেকে সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোস্তাক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি মাসের মধ্যে সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা না হলে আগামী মাসে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এজন্য আগামী ১৫ দিনে মালিকদের সঙ্গে সাংবাদিক নেতারা আলোচনায় বসবেন। তিনি জানান, আলোচনায় ফলপ্রসূ সিদ্ধান্ত না হলে ১৫ ডিসেম্বরের মধ্যে এসব পত্রিকার সংবাদকর্মীদের মধ্যে পুরোপুরি ধর্মঘটে যাওয়ার প্রশ্নে গণভোট নেওয়া হবে। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। মোস্তাক আহমদ আরও বলেন, "পত্রিকার মালিকরা ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে সরকারের আইন অমান্য করছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এসকে/২২৩৯ঘ.