ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জরুরি ক্ষমতা আইনের জামিনে বাধা, দণ্ড ও বিচার প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে রিটের ওপর রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেওয়া শুরু করে।
এ মামলার একজন এমিকাস কিউরি (আদালতের সহায়তাকারী) ব্যারিস্টার এএইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট রিটটির ওপর রায় দেওয়া শুরু করেছে। বৃহস্পতিবার রায় দেওয়া শেষ হবে।"
চুড়ান্ত শুনানিতে রিটকারীর পক্ষে অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ।
আদালতের সহায়তাকারী হিসেবে বক্তব্য রাখেন ড. এম জহির, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, আজমালুল হোসেন কিউসি, ড. শাহদীন মালিক ও ব্যারিস্টার এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
গত ১৫ জুন জরুরি ক্ষমতা আইনের জামিন ও আপিলে বাধা, সাজার মেয়াদ বেধে দেওয়া এবং আগের ঘটনায় দায়ের করা মামলা এই আইনে অন্তর্ভূক্তিসহ কয়েকটি ধারা কেন সংবিধান পরিপন্থি ও অবৈধ ঘোষণা করা হবেনা জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছিল।
গত ৫ জুন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছিলেন।
রিটে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৩ (৩) (খ) ও ৩ (৪) ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩), ১৯ (ঘ) ও ১৯ (ঙ) বিধির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। এই ধারাগুলোতে জামিনে বাধা, দণ্ড ও বিচার প্রক্রিয়ার কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২২১৬ঘ.
bdnews24