ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই র্যাব সদস্য ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেন ও সার্জেন্ট কামাল হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার ঢাকা মহানগর দ্রুতবিচার হাকিম মো. শাহাদাত হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। পলাতক অন্য ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য এই দুজনকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে রিমান্ড আবেদনে বলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক সরদার ইউনুস আলী জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন।
'এলিট' অপরাধদমনকারী বাহিনীর এ দুই সদস্যের বিরুদ্ধে রাজধানীর একটি মানি এক্সচেঞ্জ থেকে বৈদেশিক মুদ্রা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
পুলিশের মতিঝিল জোনের উপ-সহকারী কমিশনার পঙ্কজ দেবনাথ জানান, গত ২৬ নভেম্বর গ্রেপ্তার হওয়া দুই র্যাব সদস্যসহ আরো কয়েকজন মিলে পল্টনের মুদ্রা লেনদেন প্রতিষ্ঠান লিগ্যাল মানি এক্সচেঞ্জ থেকে দুই লাখ টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা ছিনতাই করে। এসময় ওই দোকানে মুদ্রা লেনদেন করতে আসা এক যুবককে তারা সঙ্গে আনা মাইক্রোবাসে তুলে নেয়। খিলগাঁও ফ্লাইওভারের কাছে ওই যুবককে ছেড়ে দেওয়ার সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন 'ডাকাত ডাকাত' বলে চিৎকার করে। ভয় পেয়ে দুই র্যাব সদস্য মাইক্রোবাস নিয়ে সবুজবাগ থানায় গেলে পুলিশ তাদের আটক করে। তবে তাদের বাকি সঙ্গীরা পথিমধ্যে নেমে যায়।
গত ২৭ নভেম্বর আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসকে/২০০৩ঘ.
bdnews24