চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হৃষিকেশ সাহা এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন- মুকিমুল (১৯) ও আশরাফুল ইসলাম বাবু (১৮)। এদের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর গ্রামে।
২০০৭ সালের ১ জানুয়ারি দেড় লাখ টাকার জন্য দাদা ফজলুর রহমান মেঘুুকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে জখম এবং পরে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নাতি মকিমুল ও তার বন্ধু আশরাফুল বাবু ।
এ ঘটনায় নিহতের ছেলে জহরুল ইসলাম শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৭ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24