ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একটি গ্রামে সোমবার মাটি খুঁড়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
এর ওজন ১০ কেজি। শেলটি মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, উপজেলার দেবগ্রামে জাহাঙ্গীর মিয়ার বাড়িতে ঘর তৈরির জন্য মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি বেরিয়ে আসে। তখন পুলিশে খবর দেওয়া হয়।
দুপুরে পুলিশ গিয়ে মর্টার শেলটি তাদের হেফাজতে নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) লুৎফর রহমান মণ্ডল সাংবাদিকদের বলেন, "শেলটি পরীক্ষার জন্যে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।"
সাড়ে ১৪ ইঞ্চি লম্বা এবং ১১ ইঞ্চি ব্যাসার্ধের মর্টার শেলটির ওজন ১০ কেজি বলে পুলিশ সুপার জানান।
এক পুলিশ কর্মকর্তা বলেন, সম্ভবত এটি মুক্তিযুদ্ধের সময়কার শেল। এতদিন মাটির নিচে চাপা পড়ে ছিল।
শেলটি দেখার জন্যে কয়েকশ মানুষ জাহাঙ্গীর মিয়ার বাড়িতে ভিড় করেছে। তবে পুলিশ শেলটি ঘিরে রেখেছে বলে স্থানীয়রা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৫২২ ঘ.
bdnews24