সাতক্ষীরা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় সুন্দরবনে শনিবার বিকেলে বাংলাদেশ রাইফেলস-বিডিআর জওয়ানদের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছেন বিডিআর কর্মকর্তারা।
প্রায় এক ঘণ্টার বন্দুকযুদ্ধে উভয়পক্ষে দুই শতাধিক রাউন্ড গোলাগুলি হলেও কতজন হতাহত হয়েছে বিডিআর কর্মকর্তারা সেটা নিশ্চিতভাবে জানাতে পারেননি।
বাংলাদেশ রাইফেলস ৭ ব্যাটেলিয়নের অধিনায়ক মেজর আলমগীর দেওয়ান সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বিডিআরের একটি টহল দল সুন্দরবনের কাছিকাটা থেকে ১০ কিলোমিটার দূরে গহীন জঙ্গলে পৌছালে জলদস্যুরা আকস্মিকভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
বিডিআর সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে দুপক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ বেধে যায়। গোলাগুলির এক পর্যায়ে জলদস্যুদের ব্যবহৃত ট্রলারটি নদীতে ডুবে গেলে তারা গুলি ছুঁড়তে ছুঁড়তে জঙ্গলে পালিয়ে যায়।
বিডিআর জওয়ানরা ৫৬ রাউন্ড গুলি ছুড়েছে। অপরদিকে জলদস্যুরা প্রায় দেড় শতাধিক রাউন্ড গুলি ছুড়েছে বলে মেজর আলমগীর দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24