২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক সংকটে বাগেরহাটে মামলা নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে

বাগেরহাটে বিচারক সংকটের কারণে মামলা নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে। গভীর রাত পর্যন্ত কাজ করেও বিচারকরা মামলার চাপ কমাতে পারছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

বাগেরহাট, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে বিচারক সংকটের কারণে মামলা নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে। গভীর রাত পর্যন্ত কাজ করেও বিচারকরা মামলার চাপ কমাতে পারছেন না। জেলা জজশীপের আওতায় আদালতগুলোতে এখন ৩২ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে শুধূ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতেই রয়েছে দেড় হাজার মামলা। শুক্রবার সকালে বাগেরহাট জেলা জজশীপের বার্ষিক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। বিচার বিভাগ পৃথকীকরণের পর এটাই প্রথম বার্ষিক সম্মেলন। সম্মেলনে উপস্থাপিত তথ্য থেকে জানা গেছে, বাগেরহাট জজ আদালতে জেলা জজসহ বিভিন্ন মর্যাদার বিচারকদের ২৪টি পদ রয়েছে। এর মধ্যে দশটি পদ এখন শূন্য। এ সব পদের মধ্যে আছে অতিরিক্ত জেলা ও দায়রা জজের একটি, যুগ্ম জজের একটি, সহকারী জজের পাঁচটি, সিনিয়র বিচার বিভাগীয় হাকিমের দুটি এবং বিচার বিভাগীয় হাকিমের একটি পদ। বাগেরহাট আদালতে এখন বিচারাধীন মোট মামলার সংখ্যা ৩২ হাজার ২৭৬টি। এর মধ্যে দেওয়ানী মামলা ১৪ হাজার ৮৪২টি এবং ফৌজদারী মামলা ১৭ হাজার ৪৩৪টি। ২০০৭ সালেরর ১ নভেম্বর বিচার বিভাগ পৃথক ভাবে কাজ শুরু করার সময় জেলায় বিচার বিভাগীয় হাকিমদের আদালতে মামলা ছিল ১৩ হাজার ৬৯১টি। গত প্রায় এক বছরে (পাঁচ অক্টোবর ২০০৮ পর্যন্ত) এ সব আদালতে নিষ্পত্তির জন্য নতুন মামলা এসেছে নয় হাজার ৮৯৮টি। এ সময়ের মধ্যে আট হাজার ৫০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। বাগেরহাট জেলা ও দায়রা জজ জিএম সালাহউদ্দিনের সভাপতিত্বে বাগেরহাট জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বাগেরহাটের পুলিশ সুপার আওলাদ আলী ফকির, বাগেরহাট আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবু, সরকারি প্লিডার (জিপি) অ্যাডভোকেট শাহ আলম টুকু, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিশেষ সরকারি কৌসুলী (এসপিপি) অ্যাডভোকেট শেখ আসাদুজ্জামান, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু প্রমুখ। জেলা ও দায়রা জজ জিএম সালাহউদ্দিন তার লিখিত বক্তব্যে বিচারপ্রার্থীদের জন্য সুবিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "বিচারক স্বল্পতার কারণে মামলার এ বিশাল স্তুপ দ্রুত গতিতে নিষ্পত্তি করা যাচ্ছে না। ফলে সরকার নির্ধারিত কর্মঘণ্টার বাইরেও আমাদের গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.