ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান রাজনৈতিক দল ও সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতেই নবম জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানিয়েছেন প্রভাবশালী দুই দেশের কূটনীতিক।
মঙ্গলবার রাঙামাটিতে একটি প্রকল্প উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, "প্রধান রাজনৈতিক দল ও সরকার নির্বাচন পেছানোর ব্যাপারে একমত হলেই কেবল নবম জাতীয় সংসদ নির্বাচন পেছানো যেতে পারে।"
অন্যদিকে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বলেন, "নবম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার ও চারদলীয় জোটের মধ্যে আলোচনা জরুরি।"
মরিয়ার্টি বলেন, "রোডম্যাপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটি নির্ভর করছে সরকার ও রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর। প্রধান দল ও সরকার নির্বাচন পেছানোর ব্যাপারে একমত হলে সেটিই হবে সবার জন্য মঙ্গলজনক।"
ভিন্ন মত থাকলে সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে চেষ্টা চালিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন এই কূটনীতিক।
তিনি আরো বলেন, "আমরা যথা শিগগির বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই।"
নির্বাচিত প্রতিনিধিদের কাছে সরকারের ক্ষমতা হস্তান্তরের এখনই উৎকৃষ্ট সময় উল্লেখ করে মরিয়ার্টি বলেন, "আমি মনেকরি সরকারের উচিত প্রত্যেকের মতামত বিবেচনায় আনা।"
বিএনপিসহ চারদলের আল্টিমেটাম বিষয়ে স্টিফেন ইভান্স বলেন, "আমরা আশা করি সরকার ও চারদলীয় জোটের মধ্যে খুব শিগগিরই আলোচনা হবে এবং সমঝোতার মাধ্যমেই নির্বাচন হবে।"
সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনিও আশা প্রকাশ করেন।
স্টিফেন ইভান্স বলেন, "আমরা আশা করি আগামী বছর বাংলাদেশে একটি নতুন সরকার ও নতুন সংসদ দেখতে পাবো।"
তিনি আরো বলেন, "শিক্ষা উপদেষ্টার সঙ্গে অনেক বিষয়ের মধ্যে নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। সরকার অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার জন্য সরকারের চেষ্টার ত্র"টি নেই। তাদের উদ্যোগের কারণে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেআরসি/এএল/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24