ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরের কাপ্তানবাজারে একটি হোটেলে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বিষাক্ত মদ পান করে তারা মারা গেছেন।
মৃতরা হলেন- সৈয়দ আকরামুল টুটুল (৪২) ও সৈয়দ হাবিবুর রহমান হাবিব (৪০)। তাদের দু'জনের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের মোল্লাপাড়ায়। রাত ৯টার দিকে পুলিশ ওই দুই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক গৌতম রায় জানান, ব্যবসায়ী টুটুল ও হাবিব (৪০) গত ১৫ নভেম্বর কৃষি যন্ত্রপাতি কেনার জন্য নবাবপুর রোডের কৃষি মার্কেটে আসেন। তারা ৭০ নবাবপুর রোডের খন্দকার হোটেলে ওঠেন। সোমবার রাত ৮টার দিকে হোটেলের ২৪৪ নম্বর কক্ষের দরজা বন্ধ দেখতে পেয়ে হোটেল কর্মচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।
গত এক মাসে রেক্টিফাইড স্পিরিট মিশ্রিত ভেজাল মদ পান করে রাজধানীসহ সারা দেশে ৩০ জনের মৃত্যু হয়।
গত শনিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রায়েরবাগে একটি ভেজাল মদের কারখানার সন্ধান পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৩৮ঘ.
bdnews24