২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাপ্রাপ্তদের নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকার ও দলগুলোকে: মরিয়ার্টি

মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তরা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে কী না- এ বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে এ সিদ্ধান্ত নিতে হবে। সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে প্রায় এক ঘন্টার বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের রাষ্ট্রদূত এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তরা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে কী না- এ বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে এ সিদ্ধান্ত নিতে হবে। সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে প্রায় এক ঘন্টার বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের রাষ্ট্রদূত এ কথা জানান। মরিয়ার্টি বলেন, নতুন সরকার ক্ষমতায় এলে জনগণকে আশ্বস্ত করতে হবে যে দুদক স্বাধীনভাবে কাজ করছে। একই সঙ্গে প্রশাসনকেও নিরপেক্ষ করতে হবে। সাজাপ্রাপ্তদের বিষয়ে তিনি বলেন, "আমি মনে করি কিছু রাজনৈতিক দলের গঠনতন্ত্রেই রয়েছে যারা অভিযুক্ত তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো যাবে না। এটা স্পর্শকাতর বিষয়।" দুদক গুরুত্বপূর্ণ কাজ করছে বলে মন্তব্য করে মরিয়ার্টি বলেন, "এতে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। আমরা বিভিন্ন সময়ে দুদককে বিভিন্নভাবে সহায়তা করেছি। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।" সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, "এটা একটা আইনী প্রক্রিয়া। এ বিষয়ে সরকারই সিদ্ধান্ত নেবে। দুদকের কাজ শুধু অভিযোগ তদন্ত করে রায়ের পর্যায়ে নিয়ে যাওয়া।" তিনি আরও বলেন, "দুদক যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত থাকবে। নতুন সরকার এলে এর গতি, প্রকৃতি ও দিক বদলাতে পারে। কিন্তু অভিযান চলবে।" হাসান মশহুদ এসময় উল্লেখ করেন, সাজাপ্রাপ্তদের একটি তালিকা মন্ত্রী পরিষদ বিভাগের কাছে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২০৩০ঘ.