২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সরকারের আচরণ দুঃখজনক: এ কে খন্দকার

সব ধরনের সুযোগ থাকার পরও বর্তমান সরকারের সময় যুদ্ধাপরাধীদের বিচার শুরু না হওয়াকে 'দুঃখজনক' হিসেবে অভিহিত করেছেন একাত্তরের সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ধরনের সুযোগ থাকার পরও বর্তমান সরকারের সময় যুদ্ধাপরাধীদের বিচার শুরু না হওয়াকে 'দুঃখজনক' হিসেবে অভিহিত করেছেন একাত্তরের সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। শুক্রবার বিকেলে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে 'যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পোস্টার ও কার্টুন প্রতিযোগিতা'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "গত দেড় বছর ধরে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত তৈরি করেছি। সব ধরনের সুযোগ থাকার পরও বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলো না, এটা খুবই দুঃখজনক।" মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সেনাবাহিনীর উপ প্রধান এ কে খন্দকার বলেন, "এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু না করায় আমরা মর্মাহত। তবে আমরা যদি নাও পারি, ভবিষ্যত প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করবে।" যুদ্ধাপরাধী কেউ নির্বাচনে প্রার্থী হলে তাকে প্রতিহত করার আহ্বান জানিয়ে এ কে খন্দকার বলেন, "আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছিলাম জামায়াতে ইসলামীকে নিবন্ধন না দিতে। তারপরও জামায়াতকে নিবন্ধন দেওয়া হয়েছে। এ অবস্থায় তাদের ভোট না দেওয়ার জন্য আমরা জনমত তৈরি করব। যেখানেই তারা নির্বাচন করবে, সেখানেই তাদের ভোট না দেওয়ার জন্য আহ্বান জানানো হবে।" তিনি বলেন, "সংবিধান অনুযায়ী, দেশের প্রচলিত আইনেই যুদ্ধপরাধীদের বিচার সম্ভব। এমন কি জাতিসংঘের মহাসচিবও বাংলাদেশ সফরে এসে এ বিষয়ে সাহায্য করার কথা বলেছেন। তারপরও সরকার উদ্যোগ নেয়নি। এই অবস্থায় আমরা তরুণ প্রজম্মের কাছে এই বিচারের ভার তুলে দেব।" অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এ কে এম সফিউল্লাহ, সি আর দত্ত, আবু ওসমান চৌধূরী, সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা দুইশরও বেশি ছবির মধ্যে থেকে ৪০টি ছবি ও কার্টুন প্রদর্শিত হয়। এ প্রর্দশনী শনিবারও চলবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান শিবানন্দ অধিকারী বিপ্লব। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে রাজীব দত্ত ও সৈয়দ মো. সোহারাব জাহান। প্রথম পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ১০ ও ৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে একটি করে সনদপত্র দেওয়া হয়। বিপ্লবের ছবিতে গোলম আজম, সাঈদীসহ কয়েকজন যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত ব্যক্তির ছবি এঁকে লেখা হয়েছে 'সারাদেশের সকল প্রতিষ্ঠিত মুখচোরা রাজাকারদের সনাক্ত করে আমরা একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবোই।' রাজীব দত্তের ছবিতে আঁকা হয়েছে কয়েকজন যুদ্ধাপরাধীর হাতে রক্তমাখা ধারালো ছুরি। তারা একের পর এক নিরীহ মানুষ জবাই করছে। সোহারাব জাহান তার ছবিতে কয়েকজন রাজাকারের ছবি এঁকে নিচে লিখেছেন- 'এরা রাজাকার'। অন্য ছবিগুলোতেও মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধীদের বিভিন্ন অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে তন্বীর আঁকা ছবিটি বিশেষভাবে দর্শকের মনোযোগ আকর্ষণ করে। এতে একদিকে একজন যুদ্ধাপরাধী টেনেহিঁচড়ে এক তরুণীকে পাকিস্তানি সেনা ক্যাম্পে নিয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের মানচিত্র নিয়ে আরেকজন যুদ্ধাপরাধী মৌলবাদী ক্যাম্পে যাচ্ছে। শিল্পী রফিকুন্নবীর সভাপতিত্বে প্রতিযোগিতার জন্য ছবি নির্বাচন করেছেন শিল্পী মনিরুজ্জামান, আবুল বারক আলভি, নেসার হোসেন ও শিশির ভট্টাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এসকে/২১৩২ঘ.