মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে একটি অভিযোজন কেন্দ্র স্থাপনের বিস্তারিত রূপরেখা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পোজন্যান সম্মেলনে উপস্থাপন করবে বাংলাদেশ।
পোল্যান্ডের পোজন্যান শহরে ১ থেকে ১২ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমানে এর রূপরেখা প্রণয়নের কাজ করছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক অঙ্গীকার 'কিয়োটো প্রটোকল' এর মেয়াদ ২০১২ সালে শেষ হবে। এরপর ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণে জন্যই পোজন্যানে সম্মেলনে বসছে কিয়োটো প্রটোকলে স্বাক্ষরকারী দেশগুলো। ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেন সম্মেলনে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
পোজন্যান সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম রেজাউল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইন্টারন্যাশনাল অ্যাডাপটেশন সেন্টার স্থাপনের জন্য বালি সম্মেলনেই দাবি তোলা হয়েছিল। আমরা স্বাগতিক দেশ হতে চাই। বাংলাদেশেই এ সেন্টার স্থাপন করা হোক। আগস্টের আক্রা সম্মেলনেও এ বিষয়ে কথা হয়েছে।"
সচিব বলেন, "একটি সেন্টার স্থাপনের রূপরেখা নিয়ে এখন কাজ চলছে। পোজন্যান সম্মেলনে এটি উপস্থাপন করা হবে।"
তিনি জানান বাংলাদেশের পক্ষ থেকে মূল দাবি হবে একটি 'অভিযোজন তহবিল' গঠন করা।
সচিব বলেন, "জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় সরকারের উদ্যোগে কিছু কাজ শুরু হয়েছে। যেসব মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয় তাদের একটি করে সেল খুলতে বলা হয়েছে। টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কাটিয়ে ওঠার জন্যই এটা করা হচ্ছে। এতে আগামী ৩০ থেকে ৪০ বছরের প্রেক্ষিত মাথায় রেখে উন্নয়ন কর্মসূচি পরিচালনার কথা বলা হয়েছে। কেন্দ্রীয়ভাবে পরিবেশ ও বন মন্ত্রণালয় এটি পরিচালনা করবে। এ জন্য মন্ত্রণালয়ে একটি সচিবালয় স্থাপন করা হবে।"
আইইউসিএন এর আবাসিক প্রতিনিধি আইনুন নিশাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশেই এ গবেষণা কেন্দ্র হওয়া উচিত। কারণ বাংলাদেশই বেশি ভুগছে। এ ব্যাপারে আমাদের অভিজ্ঞতাও বেশি। এটা যেন জাতিসংঘের অধীনে স্থাপন করা হয় সে জন্যই বাংলাদেশের চেষ্টা করা উচিত।"
তিনি বলেন, "জলবায়ুর পরিবর্তনের কারণ হ্রাসের জন্য কিয়োটো প্রটোকল করা হলেও অভিযোজনের জন্য কোনো প্রটোকল নেই। বাংলাদেশসহ কয়েকটি দেশ চাইবে, প্রটোকল না হলেও এ বিষয়ে ান্তত একটি রূপরেখা যেন করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসএনডি/২২৩৪ ঘ.
bdnews24