ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ আগামী ২৪ নভেম্বর থেকে ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে।
সংস্থার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "সপ্তাহে তিন দিন (শনি, সোম, বুধবার) একটি করে ফ্লাইট ঢাকা-সৈয়দপুর রুটে চলাচল করবে। একমুখী ভ্রমণের জন্য ভ্যাটসহ ৪৯৯৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে উদ্বোধন উপলক্ষে তিন হাজার টাকায় ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।"
প্রবাসী বাংলাদেশীদের ৯৫ ভাগ বিনিয়োগে পরিচালিত ইউনাইটেড এয়ারওয়েজ ২০০৭ সালের ১০ জুলাই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
বর্তমানে ঢাকা-কলকাতা ছাড়াও অভ্যন্তরীণ রুটে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-যশোর, ঢাকা-বরিশাল ও ঢাকা-কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করছে তারা। এয়ারলাইন্সটির ভাড়া নেওয়া কানাডার ড্যাশ-৮-১০০ মডেলের ৩৭ সিটের দুটো উড়োজাহাজ রয়েছে।
গত বছরের ১৯ ফেব্র"য়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট চালানো বন্ধ করে দেয়। এরপর গত ২৬ আগস্ট থেকে প্রবাসীদের বিনিয়োগে পরিচালিত দেশের আরেকটি বেসরকারি বিমান সংস্থা রয়েল বেঙ্গল এয়ারলাইন্স এ রুটে আবার ফ্লাইট পরিচালনা শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসএনডি/২২৩৬ ঘ.
bdnews24