চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ৭ নভেম্বর (শুক্রবার) চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান এবং সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার জানান, খালেদা জিয়া শুক্রবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক জনসভায় বক্তৃতা করবেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আশা করছেন, এ জনসভা থেকেই নির্বাচনী দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন চেয়ারপারসন।
২০০১ সালে চট্টগ্রামে আমানত শাহ'র (র.) মাজার ও ফটিকছড়ির মাইজভাণ্ডারী দরবার শরীফ জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছিলেন খালেদা জিয়া। চার দলীয় জোট নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে শুক্রবার লালদীঘির সভা থেকেই বিএনপির নির্বাচনী প্রচার শুরু হতে পারে বলে নেতাকর্মীরা মনে করেন।
অবশ্য যুগ্ম মহাসচিব নোমানের দাবি, "খালেদা জিয়ার এ সফরের পেছনে ৭ নভেম্বরের অনুষ্ঠান ছাড়া অন্য কোনো উপলক্ষ নেই। এর সঙ্গে নির্বাচনী প্রচারণার সম্পর্ক নেই।"
তিনি বলেন, "এ দিবসের চেতনার আলোকে জাতীয়তাবাদী দলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে চেয়ারপার্সন বক্তৃতা করবেন। যেহেতু সামনে নির্বাচন এবং ইতোমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে, তাই দেশের বর্তমান অবস্থায় নির্বাচনের বিষয়েও তিনি কথা বলতে পারেন।
"গত দুই বছর দেশের সবক্ষেত্রে অস্থিরতা, অর্থনৈতিক সঙ্কট, জনজীবনে স্থবিরতা, তেল গ্যাসের ইজারাসহ বর্তমানে দেশে যা চলছে- চেয়ারপার্সন তা জনসভায় তুলে ধরবেন। বিএনপির অবস্থানও মানুষের কাছে তুলে ধরবেন তিনি।"
নোমান বলেন, "শুক্রবার ভোরে ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের কর্মসূচি শেষ করে চেয়ারপারসন চট্টগ্রামে আসবেন। বিকালে তিনি লালদীঘির জনসভায় বক্তৃতা করবেন।"
আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চার দল যে সিদ্ধান্তেই আসুক না কেন, ৭ নভেম্বর খালেদা জিয়া চট্টগ্রামে আসবেন। দুই বছর পর চট্টগ্রামে এটাই হবে তার প্রথম জনসভা। এ জন্য সর্বাত্মক প্রস্তুতি চলছে। লালদীঘি ময়দানে জনসভা করার অনুমতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।"
দলের নেতারা জানান, জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি খালেদা জিয়া এ সফরে চট্টগ্রাম মহানগর বিএনপির 'নোমান' ও 'নাছির' গ্র"পের বিরোধ মেটাতেও আলোচনা করনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এসকে/
bdnews24