ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে কোন আপত্তি না থাকলেও উপজেলা নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। (আরও তথ্যসহ)
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে জাতীয় নির্বাচন শেষ হওয়ার এক মাসের মধ্যে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানায় আওয়ামী লীগ। একইসঙ্গে নবম সংসদ নির্বাচনে বিল খেলাপী প্রার্থীদের মনোনয়ন দাখিলের দিন পর্যন্ত বিল পরিশোধের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
আশরাফুল ইসলাম বলেন, "আমরা আবারো উপজেলা নির্বাচন যৌক্তিক সময়ে অনুষ্ঠানের দাবি জানিয়েছি। সংসদ ও উপজেলা নির্বাচন একই সময়ে হলে কি পরিণাম হতে পারে, তা ইসি'র কাছে তুলে ধরেছি। তাই সংসদ নির্বাচনের পরে এক মাসের মধ্যে উপজেলা নির্বচনের মনোনয়নপত্র দাখিলের সময়সূচি দেওয়ার জন্যে অনুরোধ করা হয়েছে।"
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন এবং ২৮ ডিসেম্বর তৃতীয় উপজেলা নির্বাচন হওয়ার কথা। দু'টি নির্বাচনেই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ নভেম্বর।
সৈয়দ আশরাফ বলেন, "বিদ্যমান নির্বাচনী আইনে বিল খেলাপীদের মনোনয়ন দাখিলের ১৫ দিন আগেই বিল পরিশোধ করে প্রার্থী হওয়ার সুযোগ রাখা হয়েছে। আমরা বলেছি, ২ নভেম্বর তফসিল ঘোষণা করায় সংশ্লিষ্টরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই এবারের জন্য বিল খেলাপিদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে অথবা মনোনয়ন দাখিলের দিন পর্যন্ত বিল পরিশোধের সুযোগ রাখতে হবে।"
বৈঠকে নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন দেওয়া ও গণমাধ্যমের জন্য একটি আচরণ বিধি তৈরির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকে প্রার্থীদেরকে সিডির পরিবর্তে মুদ্রিত ভোটার তালিকা সরবরাহ করারও দাবি জানানো হয়।
এক প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ জানান, জরুরি অবস্থা নিয়ে দলের অবস্থান সরকারের কাছে জানানো হবে। সরকারের সঙ্গে আওয়ামী লীগের আবারো সংলাপ হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে সরকার ও ইসি'র সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তাদের (আওয়ামী লীগ) বক্তব্য শুনেছি। এখন দেখা যাক।"
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হোসেন তৌফিক ইমাম।
অন্যদিকে কমিশনের পক্ষে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ টিএম শামসুল হুদা এবং দুই কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এসকে/১৯৪১ঘ.
bdnews24