২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

টঙ্গীর দত্তপাড়ার দক্ষিণ টেকপাড়া এলাকায় মঙ্গলবার ভোর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কবির হোসেন লিখন (২৭) নামে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

গাজীপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীর দত্তপাড়ার দক্ষিণ টেকপাড়া এলাকায় মঙ্গলবার ভোর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কবির হোসেন লিখন (২৭) নামে একজন নিহত হয়েছেন। টঙ্গী থানা পুলিশ দাবি করেছে, লিখন ভারতে আটক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী হিসেবে কাজ করতেন। টঙ্গীর দত্তপাড়া এলাকার গার্মেন্টস ঝুট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৫০) হত্যা মামলার অন্যতম আসামি তিনি। জাহাঙ্গীর খুন হওয়ার ৫/৬ দিন আগে লিখন ফোনে তার কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলেও পুলিশ জানিয়েছে। গত ১০ মে সকাল ৯টার দিকে নিজ বাড়ির সামনে ৫/৬ সন্ত্রাসীর হামলায় জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। ওই ঘটনার পর পর এলাকাবাসী সন্ত্রাসীদের আটক করে পিটুনি দিলে দুজনের মৃত্যু হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, টহল পুলিশ ভোরে দক্ষিণ টেকপাড়ার খোলামাঠ এলাকায় গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে লিখনের লাশ পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি গুলিভর্তি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী থানার উপ-পরিদর্শক আলম চাঁন পৃথক দুটি মামলা করেছেন। ওসি জানান, নিহত কবির হোসেন লিখন মহাখালীর ওয়্যারলেস এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার বাকেগঞ্জ থানার আতাকাটি এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৯ ঘ.