২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি মামলায় মোশাররফ ও আলতাফের জামিন

বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সাবেক দুই মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী। মঙ্গলবার হাইকোর্ট এই দুই বিএনপি নেতাকে দুই মাসের জন্য জামিন দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 09:12 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সাবেক দুই মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী। মঙ্গলবার হাইকোর্ট এই দুই বিএনপি নেতাকে দুই মাসের জন্য জামিন দেন। বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের বেঞ্চ জামিনের পাশাপাশি সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে মামলার কার্যক্রম দুই মাস স্থগিত রাখারও নির্দেশ দিয়েছে। মামলাটি বাতিল ও জামিন চেয়ে কারা অন্তরীণ খন্দকার মোশাররফ ও আলতাফ হোসেনের আবেদনের পরিপ্রক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেয়। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে তা জানানোর জন্য সরকারকে নির্দেশও দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার জামিন আবেদনের শুনানিতে আসামি পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক। অপরদিকে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী আখন্দ এবং দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলী খুরশিদ আলম খান। গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয়। গত ৫ অক্টোবর দুর্নীতি দমন কমিশন আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমআই/১৫০৬ ঘ.