২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেলামাইন: সরকার বলছে তিনটিতে, ঢাবির আপত্তি

বিদেশে নমুনা পরীক্ষায় ৮টি আলোচিত ব্র্যান্ডের মধ্যে শুধুমাত্র চীনের তিনটি ব্র্যান্ডে মেলামাইনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে নমুনা পরীক্ষায় ৮টি আলোচিত ব্র্যান্ডের মধ্যে শুধুমাত্র চীনের তিনটি ব্র্যান্ডে মেলামাইনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে সরকার। বিদেশ থেকে পাওয়া নতুন পরীক্ষার ফলাফলের বরাত দিয়ে খাদ্য ও স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী সোমবার বলেন, পরীক্ষার জন্য পাঠানো অন্য পাঁচটি ব্র্যান্ডের দুধে মানবদেহের জন্য ক্ষতিকর মেলামাইন পাওয়া যায়নি। এ পাঁচ ব্র্যান্ড হলো- ডিপ্লোমা, রেডকাউ, ডানো ফুলক্রিম, নিডো ফর্টিফাইড ইন্সট্যান্ট ও অ্যানলিন। তবে বিশেষজ্ঞ কমিটির অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম সরকারের ঘোষিত ফলের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, থাইল্যান্ডের একটি ল্যাবের পরীক্ষায় সাতটিতেই মেলামাইন ধরা পড়লেও সরকার তা প্রকাশ করেনি। ব্যাংককে খাদ্য ও কৃষি বিষয়ক জাতিসংঘ সংস্থা এফএও'র তিনটি পরীক্ষাগারে নমুনা পরীক্ষার পর রোববার প্রতিবেদন হাতে পায় সরকার। সেদিন এসব প্রতিবেদন নিয়ে বিশেষজ্ঞ কমিটি প্রায় দিনভর বৈঠক করে। এরপর সোমবার বাংলাদেশী তিনটি ও ব্যাংককের তিনটি প্রতিষ্ঠানের পরীক্ষার ফল পর্যালোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের সভা হয়। এ সভার পরেই স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সংবাদ সম্মেলনে প্রতিবেদনের ফল প্রকাশ করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "সরকার আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধের নমুনা পরীক্ষার জন্য এফএও সদরদপ্তরে পাঠিয়েছিল। ব্যুরো অব কোয়ালিটি অ্যান্ড সেফটি অব ফুড, ডিপার্টমেন্ট অব মেডিকেল সায়েন্স ও ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ, থাইল্যান্ড- এ তিন প্রতিষ্ঠানের পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে।" উপদেষ্টা জানান, পরীক্ষায় চীনের ইয়াশলি- ১ ব্র্যান্ডের প্রতি কেজি গুঁড়োদুধে ৬৭ দশমিক ৩৩ মিলিগ্রাম, ইয়াশলি- ২ ব্র্যান্ডের প্রতি কেজিতে দশমিক শূন্য দুই মিলিগ্রাম এবং সুইটবেবি- ২ এ কেজিপ্রতি দশমিক ২৮ মিলিগ্রাম মেলামাইনের উপস্থিতি পাওয়া গেছে। বাকি পাঁচ ব্র্যান্ডের নমুনায় মেলামাইনের উপস্থিতি পাওয়া বলে স্বাস্থ্য উপদেষ্টা জানান। তিনি আরও বলেন, "এসব দুধের ব্যাপারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন চিঠি দিয়ে সরকারকে জানিয়েছে, রপ্তানির আগে এসব গুঁড়োদুধ তাদের দেশে পরীক্ষা করে রপ্তানি-সনদ দেওয়া হয়। তাই এসব দুধে মেলামাইন থাকার সম্ভাবনা নেই।" সরকারের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রসায়ন বিভাগের চেয়ারম্যান তাজমেরী এস এ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার যে তিনটি গবেষণাগারে পরীক্ষা করিয়েছে তাতে সম্মিলিতভাবে মেলামাইন পাওয়া গেছে তিনটি ব্র্যান্ডে । কিন্তু, এককভাবে সাতটি ব্র্যান্ডেই মেলামিন পাওয়া গিয়েছে। কিন্তু সরকার তা প্রচার করছে না। কারণ তিনটি গবেষণাগারেই একসাথে তা হয়নি। " এ বিষয়ে তিনি রোববার অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকে 'তীব্র প্রতিবাদ' জানান উল্লেখ করে তাজমেরী এস এ ইসলাম বলেন, "সরকার বিশেষজ্ঞ কমিটি গঠন করলেও আমরা শুধু মতামত দিয়েছি। সরকারই সকল সিদ্ধান্ত নিয়েছে।" সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা শওকত আলী বলেন, "এসব গুঁড়োদুধের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আগামী দু'য়েকদিনের মধ্যে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে এ প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেওয়া হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুঁড়োদুধ পরীক্ষার ফল সম্পর্কে উপদেষ্টা বলেন, "সেখানকার পরীক্ষাগারে মেলামাইন পরীক্ষার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি মূলত শাকসবজিতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি নিরূপণে ব্যবহার করা হয়ে থাকে। মেলামাইনের মতো সূক্ষ্ম মাত্রা পরীক্ষার জন্য এগুলো যথেষ্ট নয়।" সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জানান, আদালতের পরবর্তী নির্দেশ পাওয়ার পর চীনে উৎপাদিত তিনটি ব্র্যান্ডের গুঁড়োদুধ বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নাগারের পরীক্ষায় আটটি ব্র্যান্ডের সবকটিতে এবং সরকারের বিএসটিআই ও বেসরকারি প্রতিষ্ঠান প্লাজমা প্লাসে শুধু ইয়াশলি-১ এ মেলামাইন ধরা পড়লে বিভ্রান্তির সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা নির্ভূল বলে দাবি করে আসছে। এর আগে রোববার এ নতুন রিপোর্ট নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশেষজ্ঞ কমিটির প্রায় দিনভর রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। তখন এ বিষয়ে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেউ কিছু বলতে রাজি হননি। এক পর্যায়ে বিশেষজ্ঞ কমিটির আহবায়ক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলী পাটোয়ারী শুধু বলেন,"আমরা তিনটি প্রতিবেদন হাতে পেয়েছি। এ নিয়ে বিশেষজ্ঞ কমিটির বৈঠক হচ্ছে।" স্বাস্থ্য উপদেষ্টা ড. এ এম এম শওকত আলীর সভাপতিত্বে সভায় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহবুব জামিল, স্বাস্থ্য সচিব এ এম এম নাসিরউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কারিগরি কমিটির প্রধান চৌধুরী মোহাম্মদ আলী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ফায়েজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলামাইন থাকার অভিযোগে বর্তমানে দেশে আটটি ব্যান্ডের গুঁড়োদুধ বিক্রি নিষিদ্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এসএনডি/এসকে/২০০০ঘ.