ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ জলসীমায় মিয়ানমারের তেল-গ্যাস অনুসন্ধানের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে সোমবার আবার তলব করেছে বাংলাদেশ সরকার। গত দুই দিনে রাষ্ট্রদূত ইউ ফায়ে থান উ-কে এ নিয়ে দ্বিতীয়বার তলব করা হলো।
ঢাকা ওই সমস্যার কূটনৈতিক সমাধান চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। জলসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মিয়ানমারে একটি প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ।
এছাড়া ঢাকায় আগামী ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠেয় এক বৈঠকে জলসীমা নির্ধারণ নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা হবে।
সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশের দাবি করা জলসীমায় গ্যাস অনুসন্ধানে কয়েকদিন আগে কয়েকজন প্রকৌশলীসহ নৌযান ও অনুসন্ধানের যন্ত্রপাতি পাঠায় মিয়ানমার। খবর শুনে বাংলাদেশ সেখানে নৌবাহিনীর জাহাজ পাঠায়।
সরকার রোববার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এবং অমীমাংসিত এলাকায় খনিজ অনুসন্ধানের কড়া প্রতিবাদ জানায়। সোমবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ইউ ফায়ে থান উ-কে।
তার সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমরা (বাংলাদেশ) বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে সৃষ্ট বিতর্কের কূটনৈতিক সমাধান চাই। এনিয়ে চলমান বিতর্ক নিরসনে পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার মিয়ানমার সফরে যাবে।"
মিয়ানমারের রাষ্ট্রদূত কী বলেছেন- সাংবাদিকরা জানতে চাইলে ইফতেখার চৌধুরী বলেন, "তারা (মিয়ানমার) ওই এলাকা তাদের জলসীমায় বলে দাবি করেছে। রাষ্ট্রদূতকে আজ (সোমবার) আবারও তলব করে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে। আমি রাষ্ট্রদূতকে বলেছি, আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষা করব।"
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঢাকায় ১৬ ও ১৭ নভেম্বর নির্ধারিত বৈঠকে জলসীমা ঠিক করার ওপর বেশি গুরুত্ব দেবে।
শিগগিরই এ বিতর্কের অবসান হওয়া প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, "আশা করছি, আমাদের পদক্ষেপ বিতর্কের অবসান ঘটাবে।"
জলসীমা পুনর্নির্ধারণ সংক্রান্ত ওই বৈঠকে অংশ নিতে মিয়ানমারের উপমন্ত্রীর নেতৃত্বে একটি দল ঢাকায় আসবে বলে উপদেষ্টা জানান।
ঢাকায় গত মাসে অনুষ্ঠিত বাংলাদেশ-মিয়ানমার জলসীমা পুনর্নিধারণ সংক্রান্ত সর্বশেষ আলোচনায় উভয়পক্ষ বঙ্গোপসাগরের অমীমাংসিত এলাকায় কোনও ধরনের অনুসন্ধান না চালানোয় সম্মত হয়।
অক্টোবরের প্রথম সপ্তাহেই মিয়ানমারের জান্তার দ্বিতীয় সর্বোচ্চ নেতা সিনিয়র ভাইস জেনারেল মং অয়ের নেতৃত্বে মন্ত্রিপরিষদের সাত সদস্যসহ ৫৫ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে।
তখন ওই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সমুদ্রসীমা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বলেছিলেন, "তারা (মিয়ানমার) জানিয়েছে, সমুদ্রের বিরোধপূর্ণ এলাকার সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত অনুসন্ধান কাজ করবে না।"
মিয়ানমারকে বন্ধুরাষ্ট্র উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা সোমবার বলেন, "আমরা কূটনৈতিকভাবে এবং আলোচনার মাধ্যমে এ বিতর্কের অবসান করতে চাই। শান্তিকামী দেশ হিসেবে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে কোনও ধরনের সংঘাতে জড়াতে চায় না। ওই ঘটনা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আমরা মনে করি।"
বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জেনারেল মং আই'র বাংলাদেশ সফর নিয়ে সোমবার সকালে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অমীমাংসিত সমুদ্রসীমায় দক্ষিণ কোরিয়ার এক কোম্পানিকে তেল ও গ্যাস অনুসন্ধানের অনুমতি দিয়ে মিয়ানমার একটি চুক্তি করেছে। শনিবার নৌবাহিনীর জাহাজ গিয়ে বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের কয়েকটি নৌযান দেখতে পায়। তবে পরে সেগুলো চলে যায়।
বাংলাদেশ ও মিয়ানমার (আগের নাম বার্মা) উভয়েই বঙ্গোপসাগরের ওই এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের দাবিদার। মিয়ানমার ২০০৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে তার জলসীমা নির্ধারণ এবং বাংলাদেশ ২০১১ সালের মধ্যে তার জলসীমা পুনর্নির্ধারণের বিষয়ে জাতিসংঘের কাছে প্রতিশ্র"তিবদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/এসকে/১৮০৬ঘ.
bdnews24