ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ জন উপ সচিব ও দু'জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় রোববার আলাদাভাবে এসব রদবদলের আদেশ জারি করে।
উপ সচিবদের মধ্যে একজনকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), একজনকে পদায়ন ও অন্যদের বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব রফিকুল ইসলামকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক, রাজশাহী রেশম বোর্ডের সদস্য সানোয়ার হোসেনকে রাজশাহী ভূমি সংস্কার বোর্ডের উপ ভূমি সংস্কার কমিশনার, শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব আফরোজা খানকে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক ও বাংলাদেশ শিপিং করপোরেশনের সচিব মো. মাইন উদ্দিনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক মো. আলমগীরকে অর্থ বিভাগে, রাজশাহী ভূমি সংস্কার বোর্ডের উপ ভূমি সংস্কার কমিশনার শামসুল আলমকে শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে বদলি করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব মুন্সী ইকবাল হোসেনকে ওএসডি এবং সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপ সচিব জ্ঞান রঞ্জন শীলকে বিএনডিসির ব্যবস্থাপক (পরিবহন) হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
মানব উন্নয়নের জন্য স্বাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প- ২ এর প্রকল্প পরিচালক জায়েদুল হক মোল্লা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক তপন কুমার নাথ ও বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক মোস্তাফিজুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের এপিডি শাখায় ন্যস্ত করা হয়েছে।
এছাড়া, কিশোরগঞ্জের কটিয়াদির নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুর রহমানকে একই জেলার নিকলীতে এবং নিকলীর ইউএনও কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে কটিয়াদির ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/২০০৫ঘ.
bdnews24