ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ সপ্তাহের যে কোনও দিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
রোববার সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত হাইকোর্টের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চিন্তামুক্ত হয়েছি। একইসঙ্গে সারাদেশের মানুষও চিন্তামুক্ত হয়েছে। এখন নির্বাচন কমিশন বৈঠকে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।"
তিনি বলেন, "এ সপ্তাহের যে কোনও দিনে তফসিল ঘোষণা করা হবে।"
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ নভেম্বর রোববার তফসিল ঘোষণার কথা ছিল। তবে রোববারই তফসিল ঘোষণা করা হচ্ছে কিনা- সে বিষয়ে কিছু জানাননি তিনি ।
ছহুল হোসাইন বলেন, "আজ (রোববার) বিকালে এ বিষয়ে সাংবাদিকদের জানানো হবে।"
রোববার জাতীয় সংসদের সীমানা পুনর্র্নিধারণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট নাকচ করে দেয় হাইকোর্ট।
আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে। নির্বাচন কমিশন এর আগেই জানায়, তফসিল ঘোষণা পেছালেও ভোটগ্রহণের তারিখ পেছানো হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এজে/জিএনএ/১২৪২ ঘ.
bdnews24