২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসিআই পুরস্কার পেল তিন প্রতিষ্ঠান

নিজেদের ৫০ বছর পূর্তিতে ব্যবসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 06:30 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের ৫০ বছর পূর্তিতে ব্যবসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সেরা নতুন ধারণার ব্যবসা প্রবর্তনের জন্য পুরস্কার পেয়েছে চাকরি সংক্রান্ত ওয়েবসাইট 'বিডিজবস'। অনাবাসি বিনিয়োগ ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান 'পিক্সিসনেট লিমিটেড'। আর সেরা নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত করা হয়েছে 'আরজু আয়রনস' এর তৈয়বা বেগমকে। শনিবার রাতে হোটেল রেডিসন ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন প্রতিষ্ঠানের প্রধানদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা 'আঙ্কটাড' এর মহাসচিব সুপাচাই পানিচপাকদির হাত থেকে পুরস্কার নেন বিডিজবস এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাসরুর। পিক্সিসনেট লিমিটেড এর প্রধান নির্বাহী আলী ইশতিয়াক পুরস্কার নেন শ্রীলঙ্কার রপ্তানি উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী জি এল পেইরিসের হাত থেকে। আর তৈয়বা বেগমের হাতে পুরস্কার তুলে দেন জলবায়ুর পরিবর্তন বিষয়ক আন্তসরকার প্যানেলের প্রেসিডেন্ট রাজেন্দ্র কুমার পাচৌরি। ঢাকার বাণিজ্য ইতিহাস নিয়ে 'কমার্শিয়াল হিস্ট্রি অফ ঢাকা' নামের একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয় এ অনুষ্ঠানে। ডিসিসিআইএর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্র ও শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন দেশের সরকার, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, সাংবাদিকসহ প্রায় সাড়ে ছয়শ প্রতিনিধি অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/ডিডি/জেকে/০০২৫ ঘ.