বেনাপোল, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল সীমান্তের ওপারে ভারতীয় পেট্রাপোল বন্দর টার্মিনালে ট্রাক ও কন্টেইনারের পার্কিং ফি বাড়ানোর প্রতিবাদে সেদেশের বন্দর ব্যবহাকারীরা শনিবার দুপুর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখে।
এ কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে শনিবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত কোনো আমদানি-রপ্তানি হয়নি।
দুপুরে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে ভারতীয় কর্তৃপক্ষ 'ফি' বৃদ্ধির সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করলে আমদানি-রপ্তানি আবার শুরু হয়।
ভারতীয় সেন্ট্রাল ওয়্যার হাউজ করপোরেশনের (সিডব্লিউসি) পেট্রোপোল ব্যবস্থাপক স্বপন কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার থেকে প্রতিটি ট্রাকের দৈনিক পার্কিং ফি ৬০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা হয়। আর বড় কন্টেইনারের ক্ষেত্রে ১২২ টাকা থেকে বাড়িয়ে করা হয় ১৫০ টাকা। ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ই এ সিদ্ধান্ত নেয়।"
তিনি জানান, সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ করলে সরকার তাদের সঙ্গে আলোচনা শুরু করে। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত আপাতত তিন মাস স্থগিত করা হয়েছে।
পেট্রাপোলের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, পার্কিং এর বর্ধিত ফি না কামানো হলে তারা আবারও আমাদনি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেবেন।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার রেজাউল হক জানান, ভারতীয় সংগঠনগুলো পেট্রোপোল বন্দরে আবার কাজ শুরু করলে শনিবার বেলা ১টার পর আমাদানি-রপ্তানি আবার শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩০ ঘ.
bdnews24