২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান কি মুন ঢাকায়

দু'দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ভারত সফর শেষে শনিবার সন্ধ্যা ছয়টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ভারত সফর শেষে শনিবার সন্ধ্যা ছয়টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। আসন্ন নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার এ সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। সফরকালে জাতিসংঘ মহাসচিব রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী এবং আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করবেন। জাতিসংঘের চতুর্থ মহাসচিব হিসেবে বাংলাদেশে এ সফরে আসছেন বান। এর আগে জাতিসংঘের মহাসচিব হিসেবে বাংলাদেশ সফর করেন কুর্ট ওয়াল্ডহেইম, হ্যাভিয়ার পেরেজ দ্য কোয়েলার ও কফি আনান। ঢাকার পৌঁছনোর পর শনিবারই পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে বানের। জাতিসংঘ মহাসচিবের সম্মানে শনিবার রাতে হোটেল সোনারগাঁওয়ে এক নৈশভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা। সফরের দ্বিতীয় দিন রোববার ব্যস্ত সময় কাটাবেন জাতিসংঘ মহাসচিব বান। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার পর যাবেন সিরাজগঞ্জ ও বগুড়ায়। সিরাজগঞ্জে ইউএনডিপির একটি প্রকল্প এবং বগুড়ায় গ্রামীণ ব্যাংকের এক কর্মসূচি দেখবেন তিনি। জাতিসংঘ মহাসচিব রোববার দুপুরের পর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রাতে নিউ ইয়র্ক রওনা হওয়ার আগে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার। ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বাসভবনে এক নৈশভোজে অংশ নেওয়ার কথাও আছে দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণকারী বানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এমআই/১৮১১ ঘ.