ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া করা নির্ধারিত বিমান না আসায় আরেকটি উড়োজাহাজে হজযাত্রীদের সৌদি আরবে পাঠাচ্ছে সরকার। অপেক্ষাকৃত কম পরিসরের এ উড়োজাহাজে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রথম দলটি ঢাকা ছাড়বেন শুক্রবার।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ এদিন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল সাড়ে ৩টায় হজযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং ৭৪৭ মডেলের একটি উড়োজাহাজ ভাড়া করলেও 'কারিগরি জটিলতার' কারণে বৃহস্পতিবার পর্যন্ত সেটি ঢাকায় পৌঁছায়নি। সুপরিসর ওই উড়োজাহাজের পরিবর্তে এখন ভাড়া করা আরেকটি বিমানকে হজযাত্রী পরিবহনে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আসনসংখ্যা আগের উড়োজাহাজের থেকে ৩০টি কম। এতে প্রতি ফ্লাইটে সৌদি আরব যেতে পারবেন ৫১২ জন হজযাত্রী।
বিমানের মুখপাত্র ও পরিচালক (পরিকল্পনা) নাফিজ আহমেদ ইমতিয়াজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেবু প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৪৭ মডেলের উড়োজাহাজ আমরা ছয়মাসের জন্য ভাড়া করেছিলাম। মঙ্গলবার সেটি ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সি-চেকের (বড় ধরনের রক্ষণাবেক্ষণ) কারণে সেটি আসতে পারেনি।"
হজযাত্রীদের আনা-নেওয়ার জন্য গত জুনে একবছরের জন্য ভাড়া করা আরেকটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ঠিক করার কথা জানিয়ে তিনি বলেন, "ওরিয়েন্ট থাই এয়ারলাইন্স থেকে ভাড়া করা ওই উড়োজাহাজ দিয়ে ৪১টি হজ ফ্লাইট এবং ৩৩টি নিয়মিত ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে।"
আগের নির্ধারিত উড়োজাহাজটি সোমবারের মধ্যে চলে আসবে আশা করে তিনি বলেন, "সেবু এয়ারলাইন্সের বিমানটি এসে গেলে সেটিকেও হজযাত্রী পরিবহনে কাজে লাগানো হবে।"
এবার সরকারি-বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধিত ৪৮ হাজার ৮৭৬ জনের মধ্যে ২৮ হাজার ৫৬১ জনকে আনা-নেওয়া করবে বাংলাদেশ বিমান। আর বাকিরা যাবে সৌদি আরবের পতাকাবাহী সাউদিয়ার ফ্লাইটে।
ভাড়া করা উড়োজাহাজটি না পাওয়ায় প্রতিটি হজ ফ্লাইটের যাত্রীসংখ্যা ৩০ জন কমানো হয়েছে। বাদপড়া এসব যাত্রীকে নিয়মিত ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব পৌঁছে দেবে বিমান কর্তৃপক্ষ।
হজ অফিসার মো. বজলুল হক বিশ্বাস বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হজ ফ্লাইটের মাধ্যমে সমস্ত ব্যালটি যাত্রীদের নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন প্রতি ফ্লাইটে ৩০ জন করে কমিয়ে তাদেরকে নিয়মিত ফ্লাইটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।"
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সমস্ত হজযাত্রীর জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "ইতোমধ্যেই সেখানে সরকারের প্রশাসনিক ও মেডিকেল দলও পৌঁছে গেছে।"
এবার হজযাত্রীদের প্রতি ৫০ জনের দলের সঙ্গে একজন করে গাইড রাখার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বজলুল হক বিশ্বাস বলেন, "সরকারি ব্যবস্থাপনায় যাওয়া যাত্রীদের ক্ষেত্রে এ নির্দেশ মান্য করা হচ্ছে। বেসরকারি হজ এজেন্সিগুলো নির্দেশ অমান্য করলে লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএনডি/এসকে/২০১৯ঘ.
bdnews24