ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলার দুই আসামি ক্ষমা পেতে আবেদন করছেন ট্রুথ কমিশনে। এরা হলেন জোট সরকারের সময় খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ'র বর্তমান পরিচালক জিয়াউল ইসলাম এবং ব্যবসায়ী মোশারফ হোসেন ঠাকুর।
দুর্নীতির ঘটনায় অনুকম্পা পেতে তারা দু'একদিনের মধ্যে ট্রুথ কমিশনে আবেদন করবেন।
কর্মকর্তা দু'জন মঙ্গলবার বিশেষ জজ আদালত- ৬ এর বিচারক তানজিনা ইসমাইলের কাছ থেকে অনুমতি নিয়েছেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট শেখ গোলাম হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতির মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে যাওয়ার পর জিয়াউল ইসলাম ও মোশারফ হোসেন ঠাকুর ট্রুথ কমিশনে যাওয়ার সুযোগ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেছেন।"
হারিছ চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় এ দু'জনকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে সম্পদ অর্জনের ক্ষেত্রে জোট সরকারের সময় প্রভাবশালী এ কর্মকর্তাকে তারা সহায়তা করেছেন।
গত বছরের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জীবন কৃষ্ণ রায় হারিছ চৌধূরীসহ ১০ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন।
এতে অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরীর স্ত্রী জোসনে আরা চৌধুরী, ছেলে নাইম শফি চৌধুরী, মেয়ে সামিরা তানজিল, বড় বোন আকলাসুন্নাহার, ভাই সেলিম চৌধুরী, সেলিম চৌধুরীর স্ত্রী জাহানারা চৌধুরী ও শ্যালক মাসুম আহমেদ।
ট্রুথ কমিশন গঠনের পর সরাসরি এবং দুদকের মাধ্যমে এ পর্যন্ত মোট ৩১৪ জন কমিশনের কাছে অনুকম্পা চেয়ে আবেদন করেছেন। এদের মধ্যে ২৪ জন ব্যবসায়ী, ২৫৩ জন সরকারি কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের স্ত্রী ২৮ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এসকে/২১৩৫ঘ.
bdnews24