পাবনা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলায় মঙ্গলবার ভোররাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক 'চরমপন্থী' নেতা নিহত হয়েছে।
নিহতের নাম গোলজার হোসেন। তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগে ১০টিসহ ২১টি মামলা রয়েছে বলে র্যাব জানায়।
র্যাব-১২ এর পাবনা ফাঁড়ির উপঅধিনায়ক লেফটেন্যান্ট আহমেদ ফয়সল সাংবাদিকদের জানান, হাদল গ্রামের কান্দিরপাড়া বটতলা এলাকায় ওই 'বন্দুকযুদ্ধ' হয়।
তিনি বলেন, "চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র্যাব-১২ এর একটি দল কান্দিরপাড়া গ্রামে অভিযানে যায়। রাত ৪টা দিকে র্যাব সদস্যরা বটতলায় পৌঁছলে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।"
"প্রায় ১৫ মিনিটের বন্দুকযুদ্ধে গোলজার ঘটনাস্থলেই মারা যায়। এক পর্যায়ে তার লাশ ফেলে সহযোগীরা পালিয়ে যায়।"
ঘটনাস্থল থেকে একটি বিদেশি শাটার গান, একটি এলজি এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
নিহত গোলজার হাদল গ্রামের গণি খা'র ছেলে।
গত কয়েক মাসে র্যাব ও পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বেশ কয়েকজন নেতা নিহত হন। এদের মধ্যে জনযুদ্ধ প্রধান তপন মালিথা, কমিউনিস্ট যুদ্ধ প্রধান রনি বিশ্বাস ও লাল পতাকা প্রধান ডা. টুটুল রয়েছেন। সংগঠন তিনটি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ভেঙে বিভিন্ন সময়ে গঠিত হয়।
স
bdnews24