ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কপোতাক্ষ অববাহিকায় যশোর ও সাতক্ষীরা জেলার পাঁচটি থানার জলাবদ্ধ অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ দশ দফা দাবি করেছে 'নাগরিক সংহতি' নামে একটি সংগঠন।
সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।
সংগঠনের পক্ষে কয়েকজন ২৪ ও ২৫ অক্টোবর জলাবদ্ধ অঞ্চল সরেজমিন পরিদর্শন করেন। সংবাদ সম্মেলনে তাদের অভিজ্ঞতা বর্ণনা করা হয়।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ বলেন, যশোরের মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা থানা এবং সাতক্ষীরার তালা ও কলারোয়ার ১৬৭টি গ্রামের ৪৭ হাজার সাতশ' ৯৬ হেক্টর এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫১ হাজার ১৯৭ যার মোট সদস্যসংখ্যা দুই লাখ ৫১ হাজার ৩৮৬ জন।
তিনি জলাবদ্ধ অঞ্চলের মানুষের দুর্দশার চিত্র তুলে ধরে বলেন," আক্রান্ত মানুষ রাস্তার ওপরে পলিথিন টানিয়ে গবাদি পশুর পাশাপাশি বাস করছে। আশ্রয় কেন্দ্রগুলোতে পানীয় জল, পয়ঃনিষ্কাশন, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। মানুষ সেখানে মানবেতর জীবন যাপন করছেন।"
তিনি সরকারের উদ্দেশে দশ দফা দাবি তুলে ধরেন।
এসব দাবির মধ্যে রয়েছে, জলাবদ্ধ অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা, কপোতাক্ষ নদের স্বাভাবিক গতি ফিরিয়ে আনা, দুর্গত মানুষের গৃহনির্মাণ ও গৃহসংস্কারে সরকারি অর্থ বরাদ্দ প্রদান, আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক ও নার্সের ব্যবস্থা করা, এনজিওসহ সব প্রতিষ্ঠানের সুদ মওকুফ করা, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ করা।
এসব দাবি তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরেও পাঠাবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে এলাকাটি পরিদর্শনের আহ্বানও জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২০৩ঘ.
bdnews24