ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলা বাতিলের জন্য সাবেক ৫ মন্ত্রীর করা আবেদনের ওপর শুনানি গ্রহণ করতে বিব্রতবোধ করেছে হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে রোববার তাদের আবেদনের ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করেন। আদালত এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে নথিটি পাঠিয়ে দেন।
সাবেক ওই পাঁচমন্ত্রী হচ্ছেন বিএনপি নেতা এম. সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী এবং জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
আবেদনকারী সাবেক মন্ত্রীদের একজন কৌসুলী ব্যারিস্টার ফাহিম উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটি বাতিলের আবেদনের ওপর শুনানি গ্রহণে হাইকোর্ট বিব্রতবোধ করেছে। আদালত আবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। প্রধান বিচারপতি যে বেঞ্চে আবেদনটি পাঠাবেন সেই বেঞ্চেই শুনানি হবে।"
প্রধান বিচারপতি দুপুর সোয়া একটা পর্যন্ত কোনও বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠায়নি বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সাইফুর রহমানের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুইয়া, ড. খন্দকার মোশাররফ ও আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে রফিক উল হক এবং নিজামী ও মুজাহিদের পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক মামলাটি বাতিলের আবেদনের ওপর শুনানি করবেন।
এর আগে গত ১৪ অক্টোবর বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলা বাতিলের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দায়ের করা আবেদনের ওপর শুনানি গ্রহণ করতে বিব্রতবোধ করেছিল হাইকোর্টের এই একই বেঞ্চ।
তবে গত ১৬ অক্টোবর বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়ার অংশের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের আরেকটি বেঞ্চ।
গত ৫ অক্টোবর এ মামলায় ১৬ জনকে আসামী করে দুদকের উপ পরিচালক আবুুল কাশেম ফকির ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোঃ সামছুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৪১২ঘ.
bdnews24