ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর দিকে সরে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি আরও জোরদার হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপটি রোববার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এর প্রভাবে উপকূলীয় জেলাসমূহ কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের পার্শ্ববর্তী চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট বেশি জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সাগর উত্তাল রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এসকে/১২৩৯ঘ.
bdnews24