নোয়াখালী, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে শনিবার সকালে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। তবে লঞ্চের ৪০ যাত্রীর সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
নলচিরা লঞ্চঘাটের এজেন্ট ফিরোজ জনান, এম ভি বাহাউদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চ ৪০জন যাত্রী নিয়ে এ ঘাট থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় সকাল ১০ টার দিকে চেয়ারম্যান ঘাটের কাছে লঞ্চটি ডুবে যায়। মাছধরার নৌকার মাঝিরা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে এগিয়ে আসায় যাত্রীরা প্রাণে বেঁচে যান বলে ফিরোজ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24