ঢাকা, ২৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জাতীয় পেশা মেলা ২০০৮' এর উদ্বোধন করতে এসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল দাবি করলেন, দেশে শিক্ষিত বেকার নেই বললেই চলে।
শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনের এই পেশা মেলার উদ্বোধন করেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল সার্ভিসেস (সিপিডিএস) এই মেলার আয়োজন করেছে।
মাহবুব জামিল বলেন, "আগে দেখা গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতকরা পাস করে বের হচ্ছে, চাকরি খুঁজছে, অথচ পাচ্ছে না। আর এখন, প্রতিবছর পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক বেশি শিক্ষার্থী স্নাতক ডিগ্রি নিয়ে বের হলেও তাদের অনেকেই চাকরি না খুঁজে নিজেরা কিছু করার চেষ্টা করছে।"
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০৫-২০০৬ সালে বাংলাদেশে কর্মক্ষম জনশক্তির সংখ্যা ছিল ৪ কোটি ৯৫ লাখ। আর এ মধ্যে ২০ লাখেরও বেশি মানুষ ছিল বেকার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাহবুব জামিল বলেন, গত ৩০ বছরে তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন খাতে কাজ করার অনেক সুযোগ তৈরি হয়েছে।
দক্ষ কর্মী গড়ে তুলতে সারাদেশে ছড়িয়ে থাকা সরকারি যুবকেন্দ্রগুলোর অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
পেশা মেলা সম্পর্কে মাহবুব জামিল বলেন, "মুক্তবাজার অর্থনীতির এ যুগে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পছন্দ ও স্বাধীনতা রয়েছে। অসংখ্য জীবনবৃত্তান্তের মধ্য থেকে তারা পছন্দের কর্মীকে খুঁজে নেয়। কিন্তু আবেদনকারীদের মধ্যে যাদের চাকরি হচ্ছে না, তাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানোর সংস্কৃতি আমাদের কোম্পানিগুলোর মধ্যে এখনো গড়ে ওঠেনি।"
বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ জাতীয় ও আন্তর্জাতিক প্রায় ৭০টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের স্টলে চাকরি প্রার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত জমা নিচ্ছে এবং প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সরবরাহ করছে। এছাড়া রয়েছে ক্যারিয়ার বিষয়ক সেমিনার, কর্মশালা ও চাকরি সংক্রান্ত পরামর্শ সভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফডাব্লিউসি/জেকে/এসকে/২০৫৫ঘ.
bdnews24