২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান মশহুদ চৌধুরীর বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা করার চেষ্টা

জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান শনিবার সাবেক সেনাপ্রধান ও বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের মামলা করার চেষ্টা করেন। তবে আইনি জটিলতার যুক্তি দেখিয়ে তার মামলা গ্রহণ করেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান শনিবার সাবেক সেনাপ্রধান ও বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের মামলা করার চেষ্টা করেন। তবে আইনি জটিলতার যুক্তি দেখিয়ে তার মামলা গ্রহণ করেনি পুলিশ। তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের কড়া সমালোচক মাহমুদুর রহমান শনিবার বিকেলে প্রথমে রাজধানীর রমনা ও পরে মতিঝিল থানায় ওই মামলা করতে যান। তার অভিযোগ, ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় হাসান মশহুদ চৌধুরী বৈদেশিক মুদ্রা লেনদেন খাতে লোকসান দেখিয়ে ব্যাংকের প্রায় ২০ কোটি টাকা বিদেশে পাচার করেন। নিজেকে একজন 'সচেতন নাগরিক' দাবি করে দুদক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ জানাতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রমনা থানায় যান মাহমুদুর রহমান। তবে ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয় দিলকুশা এলাকায়- এমন কারণ রমনা জোনের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান তাকে মতিঝিল থানায় গিয়ে মামলা করতে বলেন। এরপর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহসমান সাবেক জ্বালানি উপদেষ্টাকে জানান, মুদ্রা পাচার আইনে মামলা করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন। তাছাড়া, ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় হাসান মশহুদ চৌধুরী সেনানিবাস এলাকায় বোর্ড মিটিং করেছেন। সে কারণে মামলাটি করতে হবে ক্যান্টনমেন্ট থানায় । এ সময় ওসির সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন মাহমুদুর রহমান। তবে শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মামলা না করেই তিনি থানা থেকে বেরিয়ে আসেন। সাবেক জ্বালানি উপদেষ্টা পরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, "এ ঘটনায় সরকারের আসল রূপ প্রকাশিত হয়েছে। বর্তমান সরকার দুর্নীতি দমন অভিযানের নামে প্রহসন করছে। তারা দুর্নীতির নামে রাজনীতিবিদদের হয়রানি করছে আর নিজেদের দুর্নীতি লুকিয়ে রাখছে। তারা দু'বছরে দেশকে ১০ বছর পিছিয়ে দিয়েছে।" মামলা গ্রহণ না করা প্রসঙ্গে তিনি বলেন, "রাজনৈতিক সরকারের সময় 'ওপরের নির্দেশ' এর যে কালচার ছিল তা এখনো বহাল আছে। সম্ভবত ওসি ওই নির্দেশ পেয়েই মামলা গ্রহণ করেননি।" আইনজীবীর সঙ্গে আলোচনা করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান মাহমুদুর রহমান। 'আমার দেশ পাবলিকেশন্স লিমিটেড' এর বর্তমান চেয়ারম্যান মাহমুদুর রহমান অভিযোগ করেন, ২০০২ সালে হাসান মশহুদ চৌধুরী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর পদাধিকার বলে ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হন। এর আগ পর্যন্ত ব্যাংকটি লাভবান ছিল। কিন্তু তার দায়িত্বগ্রহণের বছরের অডিট রিপোর্টে দেখা যায়, বৈদেশিক মুদ্রা লেনদেনের খাতে সে বছর ব্যাংকটির ২০কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৬৩৮ টাকা লোকসান দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসএনডি/এসকে/১৯১৬ঘ.