২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে দুই ব্র্যাক কর্মকর্তা অপহৃত

আফগানিস্তানে আবারও ব্র্যাক কর্মকর্তা অপহৃত হয়েছেন। বাংলাদেশী বেসরকারি সংস্থাটির দুই কর্মকর্তা মো. আখতার ও মো. শাহজাহানকে গত বৃহস্পতিবার গজনি প্রদেশ থেকে অপহরণ করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 08:49 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে আবারও ব্র্যাক কর্মকর্তা অপহৃত হয়েছেন। বাংলাদেশী বেসরকারি সংস্থাটির দুই কর্মকর্তা মো. আখতার ও মো. শাহজাহানকে গত বৃহস্পতিবার গজনি প্রদেশ থেকে অপহরণ করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। (আরও তথ্যসহ) তারা গত তিন বছর ধরে বেসরকারি সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করে আসছিলেন। ব্র্যাকের কাবুল অফিসের বরাত দিয়ে সংস্থাটির ঢাকা সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'গজনির মোই মোবারক শাখা থেকে চার বন্দুকধারী গত বৃহস্পতিবার অস্ত্রের মুখে দুই কর্মকর্তাকে অপহরণ করে। প্রতিদিনের দাপ্তরিক পরিদর্শনের অংশ হিসেবে তারা ওই শাখায় এসেছিলেন। হামলাকারীরা শাখা ব্যবস্থাপক হাসমত উল্লাহকেও মারধর করে। তাদের পরিচয় জানা যায়নি।' এতে আরো জানানো হয়, ঘটনার পরপরই ব্র্যাক কর্তৃপক্ষ আফগান স্বরাষ্ট্রমন্ত্রী হানিফ আতমারকে এ বিষয়ে অবহিত করে। মন্ত্রী ওই দুই কর্মকর্তাকে উদ্ধারের ব্যাপারে তার সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। গত বছরের ১২ সেপ্টেম্বর আফগানিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা ব্র্যাক কর্মকর্তা আব্দুল আলিমকে গুলি করে হত্যা করে। ওই ঘটনার তিন দিনের মাথায় অপহৃত হন নূরুল ইসলাম নামে আরেক কর্মকর্তা। দীর্ঘ ৮৩ দিন স্বজনদের উদ্বেগাকুল প্রতীক্ষার পর মুক্তি পান তিনি। ব্র্যাকের বিবৃতিতে বলা হয়েছে, 'আফগানিস্তানের ইউনাইটেড নেশন্স অ্যাসিসটেন্স মিশন এবং গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়কে অপহরণের বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের জন্য ব্র্যাকের আফগানিস্তান কার্যালয় থেকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।' বিবৃতিতে ব্র্যাক বলেছে, সংস্থার পক্ষ থেকে অপহৃত দুই কর্মকর্তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের প্রদেশ গজনিতে গত তিন বছর ধরে কর্মকাণ্ড পরিচালনা করছে ব্র্যাক। দীর্ঘদিনের গৃহযুদ্ধপীড়িত আফগানিস্তানে মুক্তিপণের দাবিতে বিভিন্ন বাহিনীর সশস্ত্র যোদ্ধাদের বিদেশি অপহরণের এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/এসকে/১৮৩৪ঘ.