২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে নিম্নচাপটি

বঙ্গোপসাগরের লঘুচাপটি শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে; সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবহাওয়া কার্যালয় বলছে, এটি আরও জোরালো হয়ে উত্তর-উত্তর পূর্বে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 07:59 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের লঘুচাপটি শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে; সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবহাওয়া কার্যালয় বলছে, এটি আরও জোরালো হয়ে উত্তর-উত্তর পূর্বে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় নদীবন্দরগুলোকে ২ নম্বর এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিম্নচাপটি শনিবার সন্ধ্যা ৬টায় সামান্য উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও জোরালো হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। শনিবার সকাল থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজারে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া চট্টগ্রামে ২৮ মিলিমিটার ও ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া তাপমাত্রা কমে আসায় রাতে অনেক জায়গায় শীত অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন দিনাজপুরে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। চট্টগ্রাম, সিলেট, খুলনা বিভাগের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/জেকে/২১২০ঘ.