২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের গুলিতে পটিয়ায় ছাত্রদল নেতা নিহত

চট্টগ্রামের পটিয়ায় শুক্রবার দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদলের স্থানীয় এক নেতা নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়ায় শুক্রবার দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদলের স্থানীয় এক নেতা নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের নাম খোরশেদ আলম কুসুম (২৫)। সে ছাত্রদল কুলাগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। আহতরা হলেন, আমান উল্লাহ (৩২), আব্বাস আলী (২০), মাহবুবুল আলম (৩০), মো. মফিজ (২৮) ও কুসুমের বড় ভাই দিদারুল আলম (৩২)। এদের মধ্যে দিদারুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জাহিদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কুসুমসহ স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা কাশেম প্রাথমিক বিদ্যালয়ে এক কর্মী সভা করে ফিরছিলেন। পথে নালন্দা এলাকায় অজ্ঞাত পরিচয় একদল সন্ত্রাসী পিকআপে করে এসে তাদের ওপর গুলি চালায়। ছাত্রদলের কর্মীরাও পাল্টা গুলি চালায়। এ সময় কুসুমসহ দুই পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হয়। কুসুমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, সে মারা গেছে। পুলিশ সুপার বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্র"তার জের ধরে এ হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে।" তবে ঘটনার কারণ 'রাজনৈতিক নয়' বলে মন্তব্য করেন তিনি। এদিকে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমদ খলিল খান অভিযোগ করেছেন, "কুলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর আলীর নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এলাকায় প্রভাব বিস্তারের জন্য তার নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালায়।" এ অভিযোগ অস্বীকার করে নূর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর সঙ্গে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো সম্পৃকতা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/জেকে/২১৩৮ ঘ.