নেত্রকোনা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী ঢেউ সৃষ্টি করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, "দেশে এমন নির্বাচনী ঢেউ তৈরি করতে হবে যাতে কেউ সংসদ নির্বাচন বানচাল করতে না পারে।"
শুক্রবার নেত্রকোনা শহরের মহুয়া অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাংসদ ফজলুর রহমান খানের শোকসভায় প্রধান অতিথির ভাষণে আশরাফুল ইসলম এ কথা বলেন ।
সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগ নেতা বলেন, "সরকার দু'দুবার জাতিসংঘের অধিবেশনে গিয়ে বিশ্ববাসীর সামনে ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচনের অঙ্গীকার করেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তাদেরই সৃষ্টি করতে হবে।"
আগামী ১৮ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য, গণতন্ত্রে উত্তরণের জন্য, আইনের শাসনের জন্য, আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, "এ নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে।"
কোন কারণে ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত না হলে বা ভণ্ডুল হলে দেশের দ্রব্যমূল্য ও বিনিয়োগের পরিণতির কথা ভেবে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
"আমরা আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান চাই, চাই সকল বিষয়ে ঐকমত্য" বলেন সৈয়দ আশরাফ।
তিনি আরও বলেন, "আমরা সরকারের সঙ্গে আলোচনায় বলেছি- ৮০টি আসনের সীমানা এখও নির্ধারণ হয়নি, আদালতে ঝুলে আছে। ওইসব এলাকার প্রার্থী ও ভোটাররা নির্বাচন নিয়ে সংশয়ে আছে।"
সৈয়দ আশরাফ পুরাতন সীমানায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
বিকেল ৫টার মধ্যে সভা শেষ করতে পুলিশের দেওয়া চিঠি কথা উল্লেখ করে তিনি বলেন, "জরুরি অবস্থার কারণে যেখানে একটি শোকসভা ঠিকভাবে করা যাচ্ছে না, সেখানে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে।"
অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানান আওয়ামী লীগ নেতা।
জেলা আওয়ামী লীগ সভাপতি সামছুজ্জোহার সভাপতিত্বে শোকসভায় ফজলুর রহমানের কর্মময় জীবন তুলে ধরেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু। শোক প্রস্তাব পাঠ করেন দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম। স্মৃতিচারণ করেন ফজলুর রহমানের ছেলে মশিউর রহমান খান সোহাগ।
সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা শফি আহমেদ, মঞ্জুর কাদের কোরাইশী, আহম্মদ হোসেন, সাবেক সাংসদ এম, জুবেদ আলী, সাবেক সাংসদ মোশারফ হোসেন, আরিফ খান জয় প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৪
bdnews24