নাটোর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের লালপুরে নর্থবেঙ্গল চিনিকলে আখ মাড়াই উদ্বোধনের মধ্য দিয়ে শুক্রবার ২০০৮-০৯ মাড়াই মৌসুম শুরু হয়েছে।
এবার আখের মণপ্রতি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা। তবে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম আরও বাড়ানোর ব্যাপারে সরকারের চিন্তাভাবনা রয়েছে।
নর্থবেঙ্গল চিনিকলে গত মৌসুমের উৎপাদিত চিনির মধ্যে এখনও ১৬শ' মেট্রিক টন অবিক্রিত পড়ে আছে। এ অবস্থায় ৭৬তম মাড়াই মৌসুম শুরু হল।
দেশের ১৫টি চিনিকলের মধ্যে সর্বাধিক চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সবার আগে নর্থবেঙ্গল চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে বলে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়।
আখ মাড়াই উদ্বোধন উপলক্ষে সকালে চিনিকল চত্ত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল বলেন, আখ চাষীদের স্বার্থে এবার আখের দাম মণপ্রতি ১০ থেকে ১২ টাকা বাড়িয়ে ৬৪ টাকা ৩০ পয়সা করা হয়েছে। কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সরকার আরও দাম বাড়ানোর চিন্তাভাবনা করছে।
তিনি আখ চাষীদেরকে পরিমিত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দেন। একই সঙ্গে তিনি আখ থেকে পাওয়ার ক্রাসারের মাধ্যমে গুড় উৎপাদন না করার আহ্বান জানান।
উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে চিনি আমদানির করার উদ্যোগ নেওয়া হবে বলেও বিশেষ সহকারী মাহবুব জামিল জানান।
নর্থবেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী গোলাম মোর্তুজা জানান, চলতি মৌসুমে মিল কর্তৃপক্ষ ১৪৮ কর্মদিবসে ২ লাখ ৫২ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ১৯ হাজার ৪০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৭০ ভাগ।
গত ২০০৭-০৮ মাড়াই মৌসুমে ১৬০ কর্মদিবসে ২ লাখ ৫৯ হাজার ৩১২ মেট্রিক টন আখ মাড়াই করে ১৯ হাজার ৯৬৪ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। বর্তমানে ৫ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা দামের এক হাজার ৬৭৫ দশমিক ৭৫ মেট্রিক টন চিনি অবিক্রিত রয়েছে।
কাজী গোলাম মোর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. মোখলেস উর রহমান, পরিচালক লুৎফর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, সিবিএ সভাপতি খায়রুল বাসার ভাদু, আখচাষী সমিতির সভাপতি ইব্রাহিম খলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৪৫ ঘ.
bdnews24