ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ তাদের গঠনতন্ত্রে নতুন একটি শব্দ যোগ করতে রাজি হওয়ায় সন্তুষ্ট নির্বাচন কমিশন (ইসি) বলেছে, নিবন্ধন পেতে এখন আর দলটির কোনো সমস্যা নেই। শিগগিরই তাদের নিবন্ধন সনদ দেওয়া হবে।
বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাদের সঙ্গে আওয়ামী লীগের চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে কমিশনার মোহাম্মদ ছহুল হোসেন সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের সঙ্গে একটি 'এডিটিং ম্যাটার' (সংশোধনীর বিষয়) নিয়ে আলোচনা করা হয়েছে। দলটি এতে রাজি হওয়ায় আমরা সন্তুষ্ট। নিবন্ধন পেতে এখন তাদের কোনো সমস্যা নেই। শিগগিরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। এর পর নিবন্ধন সনদ হস্তান্তর করা হবে।"
আওয়ামী লীগ গত ১৫ অক্টোবর নিবন্ধনের জন্য আবেদন করার পর নিবন্ধন যাচাই-বাছাই কমিটি দলের গঠনতন্ত্রে ছাত্র ও শ্রমিকদের সহযোগী সংগঠনসংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা চায়। দু'দফায় দলের প্রতিনিধিরা বিষয়টি কমিশনের কাছে ব্যাখ্যা করেন।
বুধবার বৈঠক থেকে বেরিয়ে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্য দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান সাংবাদিকদের বলেন, "ছাত্র ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত সহযোগী সংগঠনের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাতে কমিশন সন্তুষ্ট। আশা করি আমরা দ্রুত নিবন্ধন পেয়ে যাব।"
তিনি জানান, দলের গঠনতন্ত্রে সহযোগী সংগঠনের ধারায় ছাত্র ও শ্রমিক সংগঠনের বিষয়ে আলোচনার অংশে ৩৯টি শব্দের মধ্যে দুটি প্যারা করা হয়েছে এবং এ দুই প্যারাকে 'তবে' শব্দ দিয়ে যুক্ত করা হয়েছে।
ছাত্র ও শ্রমিক সংগঠন দলের সহযোগী সংগঠন হিসেবে থাকছে কিনা প্রশ্ন করা হলে আব্দুল মান্নান খান বলেন, "শুধু এ দুটি সংগঠন স্ব স্ব গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হবে, ফলে কাগজে-কলমে মূল দলের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এর মাধ্যমে নিবন্ধনবিধির যে সমস্যা ছিল তা দূর হয়ে যাচ্ছে। তারা আমাদের সহযোগী হিসেবে থাকবে।"
নিবন্ধন বিধি অনুযায়ী নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হলে কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্রে ছাত্র, শ্রমিকদের সমন্বয়ে কোনো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন থাকতে পারবে না।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এইচ টি ইমাম ও উপ-দপ্তর সম্পাদক বি এম মোজাম্মেল।
নিবন্ধনের জন্য এ পর্যন্ত ১০৭টি দল নির্বাচন কমিশনে আবেদন করেছে। প্রথম দল হিসেবে ইতোমধ্যে এলডিপি নিবন্ধন পেয়েছে। বিএনপি ও জামায়াতের আবেদনও যাচাই-বাছাই চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসএনডি/এমএইচবি/১৮৫২ ঘ.
bdnews24