পটুয়াখালী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাউল ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বুধবার পটুয়াখালীতে মানববন্ধন হয়েছে।
সাংস্কৃতিক সংগঠন উদীচী'র ডাকে বিকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচিতে শতাধিক লোক অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় শিল্পীরা লালনের গান গেয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানান।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সিপিবি নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমান মিলন, উদীচী'র পটুয়াখালী জেলা শাখার সভাপতি গাজী মইনুদ্দিন টারজন, সাধারণ সম্পাদক নাসরিন মোজ্জাম্মেল এমা, এমএ খালেক, বিপুল কান্তি দাশ, স্বপন ব্যানার্জী প্রমুখ।
বক্তরা বিমানবন্দর চত্বরে বাউল ভাস্কর্য পুনঃস্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান।
মৌলবাদীদের হুমকির মুখে গত সপ্তাহে জিয়া বিমানবন্দর চত্বর থেকে নির্মাণাধীন বাউল ভাস্কর্য সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি জানিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24