বাগেরহাট, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের লতিয়া রাজাপুর গ্রামে মঙ্গলবার রাতে এক গৃহবধু খুন হয়েছে। তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের নাম শাহবানু (৩৮)। তার স্বামীর নাম মোফাজ্জেল আকন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়েম উদ্দিন খান বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাতে মোফাজ্জেল আকনের বাড়ি থেকে শাহবানুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।"
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোফাজ্জেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
পুলিশ জানায়, ঘটনার রাতে শাহবানু তার নয় মাস বয়সী শিশুকে নিয়ে বাড়িতে ছিলেন।
মোফাজ্জেল পুলিশকে জানায়, অপর সন্তান মিঠুকে (৬) নিয়ে তিনি ওই রাতে আত্মীয়ের বাড়িতে ছিলেন।
লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫০০ ঘ.
bdnews24